অবৈধ দখলে ভাষানটেক সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষানটেক সড়কে বিভিন্ন অবৈধ স্থাপনা l ছবি: প্রথম আলো
ভাষানটেক সড়কে বিভিন্ন অবৈধ স্থাপনা l ছবি: প্রথম আলো

অবৈধ দখলদারদের হাতে রাজধানীর মিরপুর-১৪-এর তিন নম্বর ভাষানটেক সড়ক। প্রতিদিন রাতে মূল সড়কের ওপরে বসে অস্থায়ী বাসস্ট্যান্ড। ফলে সড়কটিতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
সরেজমিনে দেখা যায়, মিরপুর-১৪ নম্বর গোলচত্বর থেকে ভাষানটেক থানার সামনে দিয়ে ভাষানটেক পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। ভাষানটেক বাজার মোড়ে বসেছে অটোরিকশাস্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে শুরু করে মিরপুর-১৪ নম্বর সড়কের একপাশ দখল করে আছে ময়লা ফেলার ডাস্টবিন। নাকে কাপড় চেপে এ জায়গাটি পার হতে হচ্ছে পথচারীদের। এরই পাশে আছে সারি সারি ভাঙারি, টিন ও লোহা-লক্করের দোকান। রাস্তার দুই পাশে ইচ্ছেমতো ফেলে রাখা হয়েছে ইট, বালু ও গৃহনির্মাণের সামগ্রী। মূল সড়কটি ১২০ ফুট প্রশস্ত হলেও অবৈধ দখলদারদের কারণে তার দুই-তৃতীয়াংশই বেদখল হয়ে আছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন বিকেল চারটার দিকে তিন নম্বর রাস্তার মোড়ে বসে একটি অস্থায়ী বাস স্টপেজ। তিনটি টেবিল ও ছাতা বসিয়ে স্থাপন করা হয় অস্থায়ী বাস কাউন্টার। রাফা পরিবহন, সারাহ পরিবহন ও ইকো পরিবহনের বাস ছেড়ে যায় এ স্থান থেকে। রাত আটটার দিকে পরিবহন কোম্পানির বাসগুলো একে একে এসে রাস্তার ওপর জড়ো হয়, থাকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। যাত্রী ওঠানামার কারণে রাতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুধু বাস স্টপেজই নয়, রাস্তার পাশে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পাশের সরকারি জমি দখল করে গড়ে উঠছে অবৈধ বস্তি। বস্তিগুলোতে প্রতিটি কক্ষের ভাড়া প্রতি মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। বস্তিতে প্রায় শ খানেক ঘর আছে বলে জানা যায়।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত হলেই এ সড়কে ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে। রাস্তার ওপর অবৈধ দোকানগুলোতে মেলে নানা ধরনের মাদকদ্রব্য।
খোঁজ নিয়ে জানা গেছে, মূল সড়কের ওপর অবৈধ বাস কাউন্টার চালু ও বস্তি তৈরি করেছেন ইকো পরিবহনের মালিক আল সায়েম মোহাম্মদ শেখর। তিনি ঢাকা মহানগর উত্তর তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইকো পরিবহনের কাউন্টারে তাঁর নামে ব্যানার দেখা যায়। ওই পথে সাবাহ ও রাফা পরিবহন নামে আরও দুটি পরিবহন কোম্পানি আছে। এ দুটি পরিবহনের মালিক স্থানীয় দুই বিএনপি নেতা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আল সায়েম মোহাম্মদ শেখর প্রথম আলোকে বলেন, আমার বাস চলাচলের জন্য প্রয়োজনীয় রুট পারমিট আছে। আর রাতের বেলা বাস চলাচলের সময় একটু সমস্যার সৃষ্টি হয়।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তরুণ লীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন তিন নম্বর সড়ক এলাকায় অস্থায়ী ভাসমান দোকান চালান। তাঁর নিজেরও দোকান আছে। তবে আবুল হোসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নিলে সব ধরনের সহযোগিতা করা হবে।