অবৈধ দখলে হাসপাতালের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে দখল হয়ে গেছে হাসপাতালের জমি। প্রতিটি দোকান কোনো না কোনোভাবে কারও কাছ থেকে দখল কিনে নিয়ে স্থায়ীভাবে ব্যবসা করছেন দখলদারেরা।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের দক্ষিণে উপজেলা ভূমি কার্যালয়ের সীমানা থেকে হাসপাতালের উত্তর গেটের কাছে আনসার ভিডিপি কার্যালয়ের সীমানা পর্যন্ত গড়ে উঠেছে তিনটি ভাতের হোটেল, তিনটি চায়ের দোকান, পাঁচটি টং দোকান, একটি চারাগাছের নার্সারি, একটি সাইকেল মেরামতের দোকান ও একটি খড়ের দোকানসহ ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, দখলদারদের গড়ে তোলা দোকানের কারণে আড়াল হয়ে গেছে স্বাস্থ্য বিভাগের চিকিৎসাধর্মী কয়েকটি বিলবোর্ড। এ ছাড়া হোটেলের ময়লা-আবর্জনা হাসপাতালের সীমানাপ্রাচীরের কাছে ফেলায় জায়গাগুলো নোংরা হয়ে থাকছে। হাসপাতালের প্রাচীরের কাছ ঘেঁষে একাধিক কাঁচা পায়খানা তৈরি করা হয়েছে।
ওই জায়গায় দোকান নিয়ে বসা কয়েকজন বলেন, নার্সারির জায়গার মালিক হাসপাতালে কর্মরত এক আয়ার স্বামী ও পীরগঞ্জ সরকারি কলেজের পিয়ন আজগর আলী। তিনি জায়গাটি রিফাত নার্সারির মালিক দেলোয়ার হোসেনকে ভাড়া দিয়েছেন। আজগর আলী অবশ্য জায়গার মালিকানার কথা অস্বীকার করেছেন।
ভাতের হোটেলের মালিক নুরুল হক বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন নেতাকে বলে চার বছর থেকে এখানে হোটেল করেছি। এ জন্য হাসপাতালের মসজিদে মাসে ৫০ টাকা দিই।’ তবে তিনি ওই আওয়ামী লীগ নেতার নাম বলতে সম্মত হননি।
হাসপাতালের গেট-সংলগ্ন চায়ের দোকানের মালিক হজরত আলী বলেন, তাঁর দোকানের জায়গাটি জনৈক পিয়ার আলীর দখলে ছিল। তাঁর কাছ থেকে সাত-আট বছর আগে সাড়ে সাত হাজার টাকায় তিনি জায়গাটি দখলে নেন।
টং দোকানের মালিক সোলায়মান আলী বলেন, ‘আমি আমার দখলের জায়গাটির বন্দোবস্ত পাওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা পরিষদে যোগাযোগ করেছি। কিন্তু জেলা পরিষদের কোনো অনুমতি পাইনি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, দখলদারেরা তাঁদের কাছে কোনো অনুমতিই চায়নি। এদের উচ্ছেদের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কমিটির সিদ্ধান্তের প্রতিলিপিসহ অবৈধ দখলদারদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। মৌখিকভাবেও বলা হয়েছে। কিন্তু কোনো কাজই হচ্ছে না।