অবৈধ দাবি আদায় করতে এসে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড়ে কেটে গড়ে তোলা বসতিতে বিদ্যুতের সংযোগের দাবি আদায় করতে এসে আটক হয়েছেন আটজন। তাঁরা হলেন আমজাদ হোসেন, আবু তাহের, বশির উল্লাহ, যদু মোহন দাশ, কৌলেন বারৈ, মো. জামাল, মোক্তার আহমেদ ও ছাদেকুর রহমান। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী তাঁদের আটকের নির্দেশ দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় সম্প্রতি। পুনঃসংযোগের দাবি নিয়ে আটজন রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। তাঁদের প্রতে৵কের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। জেলা প্রশাসক অবৈধ দাবি নিয়ে আসা আটজনকে আটকের নির্দেশ দেন। পরে তাঁদের সীতাকুণ্ড থানার পুলিশ নিয়ে যায়। সেখান থেকে নিয়মিত মামলায় তাঁদের আদালতে হাজির করা হবে।