অবৈধ দুই কারখানা সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা ও আসাদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় আন্দরকিল্লার রহমতগঞ্জ এলাকায় অবস্থিত মডার্ন পলি ফ্যাক্টরি এবং আসাদগঞ্জ এলাকায় অনুমোদনহীনভাবে ট্যানারি স্থাপনের কারণে তালহা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তালহা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকালের অভিযানে অনুমোদনহীন খাদ্যদ্রব্য আমদানি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের অভিযোগে আলিফ ট্রেডিং ও এজেড ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ঢেউটিনে নকল লোগো ব্যবহার করায় রয়েল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করায় এসবি ট্রেডার্স, জালাল প্লাস্টিক ফ্যাক্টরি, এসএম প্লাস্টিক এন্টারপ্রাইজ ও এসএম ট্রেডার্সকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে চার আড়ত ও একটি দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ক্রেতাদের পণ্য বিক্রির রসিদ না দেওয়ায় সাত ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ব্যবসায়ী সমিতির নেতারা মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সোমবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, হাবিবুল হাসান ও তাহমিলুর রহমান।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, পণ্য বিক্রির সময় রসিদ না দেওয়ায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এই জরিমানা করা হয়। একই অভিযোগে সাত ব্যবসায়ীকে আটক করে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত সার্কিট হাউসে নিয়ে আসা হয়।
তাহমিলুর রহমান জানান, রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতি, রিয়াজউদ্দিন বাজার ক্ষুদ্র হকার সমিতি ও কাজীর দেউড়ি কাঁচাবাজার সমিতির নেতারা পণ্য বিক্রির সময় রসিদ প্রদান ও মূল্যতালিকা প্রদর্শনের ব্যাপারে লিখিত মুচলেকা দেন। এরপর আটক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়।