টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের ভেতরের ও বাইরের সব অবৈধ দোকানপাট উচ্ছেদের পর গতকাল মঙ্গলবার আবারও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ব্যবসায়ীরা এ কথা জানিয়েছেন।
মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে হকারদের আবার দোকান বসাতে সহযোগিতা করেছেন মার্কেট সমিতির ‘স্বঘোষিত’ সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ও তাঁর সহযোগীরা।
মার্কেটটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি।
ব্যবসায়ীরা বলেন, গতকাল বেলা ১১টায় মার্কেটের ভেতর ও বাইরে থেকে সব অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে কয়েক শ ব্যবসায়ী ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় তাঁরা কাউন্সিলর ময়নুল হকের কাছে অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানান। কিন্তু কাউন্সিলর এতে সম্মতি দেননি। পরে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। এ অবস্থা দেখে অনেক হকার নিজ উদ্যোগে পণ্য গুছিয়ে চলে যান। তবে দুপুর সাড়ে ১২টার দিকে কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। তাঁরা হকারদের আবার দোকানপাট বসাতে সহযোগিতা করেন। ভয়ে ব্যবসায়ী প্রতিবাদ করার সাহস পাননি। এ অবস্থায় পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত আটটায় ময়নুল হকসহ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন র্যাবের কর্মকর্তারা। মার্কেট সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩০ জুলাইয়ের মধ্যে সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ময়নুল হক।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানী মার্কেটের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে মার্কেটের বৈধ-অবৈধ সব দোকানে ব্যাপক চাঁদাবাজি শুরু করে একটি চক্র। বিষয়টি র্যাবকে জানানো হয়। তখন ময়নুল হক ও মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের ডেকে আলোচনা করে র্যাব। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরপরই মার্কেটের ভেতর ও বাইরে থেকে সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করার কথা। সে অনুযায়ী, গতকাল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু কাউন্সিলর ময়নুল হকের লোকজন আবার দোকান বসিয়ে দেন। এভাবে চলতে থাকলে মার্কেটেরপরিবেশ আরও নষ্ট হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে একাধিকবার ময়নুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
র্যাব-১০-এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এই মার্কেটে সমস্যা চলছে। তা সমাধানে ঈদের আগে ব্যবসায়ীদের নিয়ে আলোচনাও হয়েছে। তবে মার্কেটের ভেতর বা বাইরের অবৈধ দোকানপাট উচ্ছেদের দায়িত্ব র্যাবের নয়। বরং যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকেই অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে। এ নিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।
২৯ মে রাজধানী সুপার মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে পুলিশের ওয়ারী বিভাগ এবং রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি। সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় মার্কেটে নামে-বেনামে অনেক চাঁদা ওঠানো হয়। কিন্তু মার্কেট সমিতির লোকজন এর হিসাব দেন না। কেউ হিসাব চাইলে তাঁকে হয়রানির শিকার হতে হয়।