অবৈধ দোকান বসিয়ে ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অস্থায়ী দোকানপাট l প্রথম আলো
তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অস্থায়ী দোকানপাট l প্রথম আলো

খিলগাঁওয়ের তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ভেতরের ফাঁকা জায়গায় অবৈধভাবে তিন শতাধিক অস্থায়ী দোকানপাট গড়ে তোলা হয়েছে। এসব দোকান থেকে ভাড়া আদায় করে বণিক সমিতি।

খিলগাঁওয়ের শহীদ বাকি রোডের উত্তর পাশে তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট। বিপণিবিতানে ঢোকার পথ ১৪টি। সম্প্রতি দেখা যায়, মার্কেটের সব কটি ফটকের সামনে ও ভেতরে পার্কিংয়ের জায়গায় হরেক রকমের অস্থায়ী দোকান। এর মধ্যে মার্কেটটির দক্ষিণ অংশে দুই শতাধিক দোকান। বাঁশের খুঁটি ও শামিয়ানা দিয়ে এসব দোকান তৈরি করা হয়েছে। বাঁশ, কাঠ, পর্দা দিয়ে দোকানগুলো আলাদা করা। প্রতিটি দোকানেই বৈদ্যুতিক বাতি ও পাখার ব্যবস্থা আছে।

মার্কেটের ব্যবসায়ীরা বলেন, সব মিলিয়ে মার্কেটের ভেতর তিন শতাধিক অবৈধ দোকান আছে। এর মধ্যে কাপড় ও জুতার দোকান বেশি। এসব দোকান থেকে ভাড়া বাবদ দিনে গড়ে ১০০ টাকা করে নেওয়া হয়। বৈদ্যুতিক বাতি ও পাখার বিল বাবদ নেওয়া হয় আরও ৫০ টাকা। এই হিসাবে দিনে প্রায় ৪৫ হাজার টাকা ওঠে। এ ছাড়া অধিকাংশ দোকানির কাছ থেকে সেলামি বাবদ টাকা নেওয়া হয়েছে। এই টাকার বেশির ভাগই মার্কেটের বণিক সমিতির নেতারা ভাগ-বাঁটোয়ারা করে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পার্কিংয়ের এক দোকানি বলেন, প্রতিদিন সন্ধ্যায় মার্কেটের নিরাপত্তাপ্রহরীরা এই চাঁদা ওঠান। তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে তিনি মার্কেটের ভেতরে অস্থায়ী দোকান দিয়ে ব্যবসা করছেন। প্রথম ১০ বছর কাউকে কোনো ভাড়া দিতে হয়নি।

জানা গেছে, তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর রামপুরা থানা আওয়ামী লীগের কমিটিতে পদপ্রত্যাশী।সাধারণ সম্পাদক নুরুজ্জামান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সহসভাপতি ওয়াহিদুল হাসান খিলগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া বণিক সমিতির অন্য নেতারাও ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, এ কারণে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে মার্কেটের কোনো ব্যবসায়ী প্রতিবাদ করার সাহস পান না। এ ছাড়া মার্কেটটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) এ ব্যাপারে নীরব।

ডিএনসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা তালতলা সুপার মার্কেটের অব্যবস্থাপনা। মার্কেটটির গাড়ি পার্কিং ও ফাঁকা জায়গায় দোকানপাট বসিয়ে লুটপাট করছে একটি গোষ্ঠী। এতে ডিএনসিসির বদনাম হচ্ছে।’ তিনি বলেন, পার্কিং ব্যবস্থা না থাকায় বিত্তবানেরা এই মার্কেটে কেনাকাটা করতে যান না। এতে মার্কেটটির ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। কিন্তু বণিক সমিতির নেতাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য তিনি ডিএনসিসির প্যানেল মেয়রের সঙ্গে কথা বলবেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, ‘আমার মার্কেটে ৮৫০টি দোকান আছে। তা পাহারা দেওয়ার জন্য নিরাপত্তাপ্রহরী আছেন ২২ জন। তাঁদের মাসিক বেতন দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে মার্কেটের আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। এই টাকা দোকানমালিকদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তাই সবার সম্মতিতে দোকান বসানোর সিদ্ধান্ত হয়েছে। এই খাত থেকে সমিতির কোনো নেতার পকেটে টাকা যায় না।’ তবে দিনে কত টাকা ভাড়া ওঠে, এই তথ্য দিতে তিনি রাজি হননি।

জানতে চাইলে ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’