অবৈধ নিয়োগ, অবৈধ বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সহকারী প্রধান শিক্ষক আফসার আলীকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ নিয়োগের জন্য প্রধান শিক্ষক হিসেবে বেতন তুলতে না পেরে তিনি সহকারী প্রধান শিক্ষক পদের বেতনই নিচ্ছেন। এ নিয়ে একটি লিখিত অভিযোগ রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নায়েব আলী, ইনতাজ আলী ও পোড়াকয়া গ্রামের আবদুল হান্নানসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার পর ওই পদে গত বছরের ৫ আগস্ট সহকারী প্রধান শিক্ষক আফসার আলীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এ নিয়োগ ছিল অবৈধ। কারণ, শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৮ সালের পরিপত্র অনুযায়ী বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বিএড (ব্যাচেলর অব এডুকেশন) পাসের সনদধারী কেউ প্রধান শিক্ষক হতে পারবেন না। কিন্তু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এ পদে আফসারকে নিয়োগ দেন বলে অভিযোগ করেন উল্লিখিতরা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ওই তিন সদস্য জানান, নিয়োগ পাওয়ার পর আফসার সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে ইস্তফা দিয়ে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। কিন্তু তাঁর বিএড পাসের সনদ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের হওয়ায় পদটিতে এমপিওভুক্তি সম্ভব নয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম আবদুল আজিজ। এদিকে গত ৪ ডিসেম্বর স্থানীয় একটি দৈনিকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সব জানার পরও আফসারকে সহকারী প্রধান শিক্ষক দেখিয়ে বেতন বিলেও স্বাক্ষর করছেন বিদ্যালয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান। উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, আফসার আলীর বেতন নেওয়া অবৈধ। সভাপতি কামরুল হাসান বলেন, ‘প্রধান শিক্ষকের পদ এখনো এমপিওভুক্ত না হওয়ায় তাঁকে সহকারী প্রধান শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে।’
আফসার নিয়োগ ও বেতনে কিছু অনিয়ম থাকার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছুই বলতে চাননি।