ঘড়ির কাঁটায় রাত একটার কাছাকাছি। চারদিকে নিস্তব্ধতা। বিএসএফ জওয়ানদের নজরদারি এ সময় ঢিলেঢালা। এক জোড়া করে গরু নিয়ে শিশুরা নেমে পড়ে পদ্মায়। ভরা পদ্মায় গরুর সঙ্গে সাঁতরাতে থাকে শিশুরা। মাঝপদ্মায় ভারতীয় সীমানার অদূরে নৌকা নিয়ে অপেক্ষা করেন মাঝিরা। বিশেষ এক ধরনের টর্চের মাধ্যমে আলো জ্বেলে শিশুরা সংকেত দিলে নির্দিষ্ট মাঝি শিশুদের নৌকায় তুলে নেন। প্রতি রাতে এভাবে ভারত-বাংলাদেশের মধ্যে গরু পারাপারের ঘটনা ঘটছে। গল্পটি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ঘাটের। এভাবে গরু পারাপার করতে গিয়ে এর আগে একটি শিশুর মৃত্যু হয়েছে।
ভারত থেকে গরুগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়। বাংলাদেশের সীমান্তে খাটালদের গরুগুলো রাখার জন্য সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের পর্যন্ত গরুগুলো আসার পর কাস্টমস অ্যাক্ট অনুযায়ী গরুপ্রতি ৫০০ টাকা নিয়ে বাংলাদেশের ভেতরে বিক্রি করার বৈধতা দেওয়া হয়।
রাজশাহীর পবা উপজেলার চর এলাকার শিশুদের বরাবরই ভারত থেকে গরু আনার কাজে ব্যবহার করা হয়। এ জন্য চর এলাকার শিশুরা পঞ্চম শ্রেণির পর আর বিদ্যালয়ে যায় না। গরুর রাখাল হয়ে যায়। অল্প বয়সেই রোজগার করে। বিয়েও করে। এ জন্য এলাকার মেয়েদের তৃতীয় শ্রেণিতে ওঠার পর থেকেই বিয়ে দেওয়া শুরু হয়।
গরু পারাপারকারী এই দলের এক শিশুর সঙ্গে কথা হয় ১৪ আগস্ট পবা উপজেলার একটি চরে। বয়স ১৪ বছরের কাছাকাছি। একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার মতো চরের প্রায় ১০ শিশু এ কাজ করে। গরু আনতে যাওয়ার জন্য সে গত ১৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে জানাল, উপজেলার মীরগঞ্জ এলাকার এক ইউপি সদস্যের বাড়ি থেকে সন্ধ্যার পরে তারা মীরগঞ্জঘাট দিয়ে পদ্মা নদী পার হয়ে ভারতের বাবনা বাজার এলাকায় যায়। সেখানে অপেক্ষা করতে হয়। নদীর ঘাট পর্যন্ত গরু পৌঁছে দেওয়ার জন্য আলাদা লোক থাকে। দুই দেশের গরু কেনা-বেচার জন্যও আলাদা লোক থাকে। তাদের (শিশুদের) কাজ শুধু নদী পার করে দেওয়া।
ভয় করে কি না, জানতে চাইলে সে বলে, ভয় লাগে না, কারণ তার মতো আরও অনেক ছেলে থাকে। তাদের কাছে একটি করে মুঠোফোন থাকে। ফোনগুলো ওপারের ব্যবসায়ীরা এক ধরনের পলিথিন ব্যাগের ভেতরে ভরে দেন। এই মুঠোফোনেই নৌকার মাঝির সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের হাতে এক ধরনের গ্যাসলাইট দেওয়া হয়। এই লাইট দিয়ে ইশারা করলেই মাঝি নৌকা নিয়ে এগিয়ে যান। এক জোড়া গরু পার করে জায়গামতো পৌঁছে দিতে পারলেই তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
কেউ বিএসএফের হাতে ধরা পড়লে তার কী হয়? জানতে চাইলে সে বলে, বিএসএফ শুধু গরু কেড়ে নেয়। শিশুদের মারে না। চরখিদিরপুর দিয়েও তো গরু আসছে। এদিক দিয়ে নদী পার হওয়া লাগে না। তাহলে বাঘার মীরগঞ্জ কেন যাও, জানতে চাইলে সে বলে, ‘আমার ওই দিক দিয়েই নিরাপদ মনে হয়। এদিক দিয়ে বিএসএফের গুলি করার আশঙ্কা রয়েছে।’ সে জানায়, এবার সে মীরগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ১৫ দিন থেকে ৫ জোড়া গরু এনেছে। আর যাবে না।
২০১১ সালে পবা উপজেলার বশড়ি গ্রামের মিজানুর রহমান (১৪) নামের একটি শিশু নিখোঁজ হয়। পরে চরখিদিরপুর এলাকায় তার লাশ ভেসে আসে। কয়েক দিন নদীর ঘাটে থাকার পর তার শরীরের মাংস খসে যায়। খবর পেয়ে তার মা আমেনা বেওয়া কঙ্কালের সঙ্গে থাকা ছেলের পরনের কাপড় দেখে চিনতে পারেন। পরে তিনি ব্যাগে করে ছেলের হাড়গোড় নিয়ে বাড়ি আসেন।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ১-এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতে খার বলেন, এটা সীমান্তবর্তী চরের মানুষের সংস্কৃতি হয়ে উঠেছে। তারা শিশুদের চোরাচালানের কাজে ব্যবহার করে। বাল্যবিবাহ দেয়। তাদের এর জায়গা থেকে বের করে আনার জন্য তারা ১৫ দিনে একবার করে ওই সব এলাকার গণ্যমান্য মানুষকে নিয়ে মতবিনিময় করেন। সচেতনতামূলক বৈঠক করেন। এতে করে সুফল পাওয়া যাচ্ছে। তবে রাতারাতি সবকিছু বদলে যাবে, এমন আশা করা যায় না।