অবৈধ পথে ভারত থেকে ফেরার পথে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পথে ভারতে গিয়ে দেশে ফেরার সময় বিজিবি ৩ ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ২১ বাংলাদেশিকে আটক করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় পৌর শহরের বিরামপুর-হিলি টেম্পোস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আজিজুল হক, রেজাবুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ছাইদুল ইসলাম, মোবারক হোসেন, শাহজাহান আলী, জুয়েল রানা, ফারুক হোসেন, বাবুল হোসেন, দুলাল হোসেন, মহেন চন্দ্র, জামাল হোসেন, নাসির ইসলাম, মন্টু মিয়া, জয়নুল হক, আজিজুল ইসলাম ও এনামুল হক; রানীশংকৈল উপজেলার তরিকুল ইসলাম, জগেন্দ্র চন্দ্র রায়, শ্রী ধনিরাম; দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার বিমল চন্দ্র রায়।
আটক আজিজুল হক বলেন, চার মাস আগে তাঁরা দালালের মাধ্যমে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারতের পাঞ্জাবের ইটভাটায় কাজ করতে যান। কাজ শেষে ঈদ করতে দেশের উদ্দেশে রওনা হন তাঁরা। ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিএসএফের কড়াকড়ি থাকায় দালালেরা শুক্রবার রাতে তাঁদের ভারতের হিলি এলাকায় নিয়ে আসে। গতকাল সকালে প্রত্যেকের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে নিয়ে সীমান্ত পার করে দেয়।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার বলেন, আটক ব্যক্তিদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।