নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পরও ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অবৈধ প্রচারণা থামেনি। সরানো হয়নি পোস্টার, ব্যানার, বিলবোর্ড। এই অবৈধ প্রচারণা থামাতে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত নামানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসি সচিবালয় থেকে গতকাল রোববার বিকেলে এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়। এই তিন সিটি করপোরেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রচার-উপকরণের বিরুদ্ধে অভিযান চালাবেন। ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
ইসি মনে করছে, ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে প্রচারণা চালানো দু-চারজন সম্ভাব্য প্রার্থীকে জরিমানা করলে বাকিরা তড়িঘড়ি করে তাঁদের প্রচার-উপকরণ অপসারণ করবেন।
ইসি ১৮ মার্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ওই দিনই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট, দেয়াললিখনসহ সব ধরনের অবৈধ প্রচার-উপকরণ অপসারণের নির্দেশ দেন। পরদিন ইসি সচিবালয় থেকে ২০ মার্চ রাত ১২টার মধ্যে প্রচার-উপকরণ অপসারণ করতে বলা হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গতকাল জানা যায়, সিইসির নির্দেশের পর কেউ কেউ বিলবোর্ড-ব্যানার অপসারণ করলেও বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী এসব অপসারণ করেননি। বরং নতুন করে বিলবোর্ড, ব্যানার, পোস্টার লাগানো হচ্ছে। গত শুক্রবার সিটি করপোরেশনের জনবল নিয়ে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলী, ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম অবৈধ প্রচারণার বিরুদ্ধে অভিযানে নামেন।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘অনেকেই ইসির নির্দেশ মানছেন না। আমাদের লোকজন কোনো এলাকার বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করে চলে আসার পর সেখানে নতুন করে প্রচার-উপকরণ লাগানো হচ্ছে। ইসি বা সিটি করপোরেশনের জনবল দিয়ে এসব প্রচারণা বন্ধ করা সম্ভব নয়। সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যায়, এতে কাজ হবে।’
তফসিল অনুযায়ী, এই তিন সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। আইন অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল পাঁচটার আগ পর্যন্ত যেকোনো ধরনের প্রচারণা অবৈধ। এ ধরনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বলেন, অবৈধ প্রচার-উপকরণ অপসারণের নির্দেশ দিয়ে গতকাল পর্যন্ত তিনি সম্ভাব্য সাতজন কাউন্সিলর প্রার্থীকে নোটিশ পাঠিয়েছেন।
উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে অবশ্য গতকাল পর্যন্ত এ ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি। এই তিন সিটিতে ভোট গ্রহণ করা হবে ২৮ এপ্রিল।