অবৈধ প্রবেশের দায়ে রাজশাহীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে প্রবেশের দায়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে সুন্দর পাচমান (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুরের রাজবাড়ি মিথিয়া গ্রামের পাচু পাচমানের ছেলে।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, তেলিপাড়ায় সুন্দর পাচমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। আটক করার পর তিনি কোনো পাসপোর্ট বা বাংলাদেশে প্রবেশের অনুমতির দলিল দেখাতে পারেননি পুলিশকে। ওসি আরও বলেন, কারণ ছাড়াই ‘ঘুরতে ঘুরতে’ হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলে পুলিশকে বলেছেন সুন্দর পাচমান। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।