অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে মেঘনা সেতু
অবৈধভাবে বালু তোলার কারণে ঝুঁকির মুখে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু। সেতুর পিলারের আশপাশ থেকে বালু ব্যবসায়ীরা ক্রমাগত বালু তোলায় পিলারের নিচের মাটি সরে যাচ্ছে। মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় একটি পিলার ঝুঁকির মধ্যে রয়েছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার মেঘনা সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের বালু সরে গিয়ে পিলার ক্ষতিগ্রস্ত হয়ে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কথা বলেছেন। পরে মন্ত্রীর নির্দেশে অভিযান চালিয়ে বালুভর্তি একটি বাল্কহেড, তিনটি ট্রাক জব্দ এবং চারজনকে আটক করেছে পুলিশ।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সূত্র জানায়, ২০১২ সালের মাঝামাঝি থেকে পর্যায়ক্রমে গত বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে মেঘনা ও গোমতী সেতু মেরামত করা হয়। মেরামতের অংশ হিসেবে সেতু দুটির সম্প্রসারণশীল সংযোগ ও হিঞ্জ বিয়ারিং স্থাপন করা হয়। নদীর তলদেশে পিলারের গোড়ায় মাটি সরে গিয়ে সৃষ্ট গর্ত বালুভর্তি বিশেষ ব্যাগ দিয়ে ভরাট করা হয়। এই মেরামতের ফলে সেতু দুটি ১০ বছরের জন্য নিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পিলারের আশপাশ থেকে অবৈধভাবে বালু তোলায় মেরামতের এক বছরের মাথায় মেঘনা সেতু আবার ঝুঁকিতে পড়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় প্রশাসন ও বালু ব্যবসায়ীরা জানান, অবৈধভাবে বালু তোলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া কয়েকজনের সিন্ডিকেট জড়িত।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এ কথা সত্য। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাদের কারণে আমাদের জাতীয় সম্পদ মেঘনা সেতু বর্তমানে হুমকির মুখে।’
সওজ সূত্র জানায়, সেতুর ৬ নম্বর পিলারের নিচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭, ৮ ও ৯ নম্বর পিলারের নিচেও মাটি সরে গেছে। পিলারগুলোর নিচ থেকে মাটি সরে গিয়ে কতটুকু গর্ত হয়েছে, তা পরিমাপ ও প্রয়োজনীয় মেরামতের পরিকল্পনা করার জন্য সমীক্ষার কাজ চলছে। গত বছর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেতুর মেরামতকাজ হয়েছিল।
মেঘনা সেতুর বিষয়ে জানতে চাইলে রাতে যোগাযোগমন্ত্রী প্রথম আলোকে বলেন, গত বছর ৬ নম্বর পিলারের নিচে মেরামত করা হয়নি। এখন সব মাটি সরে যাওয়ায় মেরামতের বিকল্প নেই। অচিরেই মেরামতকাজ শুরু হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আকস্মিক পরিদর্শনকালে ওবায়দুল কাদের সেতুর পাশ থেকে ড্রেজারের সাহায্যে বালু তুলতে দেখেন। তোলা বালু রাখা হচ্ছে সওজের জায়গায়। সেখান থেকে ট্রাক ও বাল্কহেডে তুলে বালু অন্যত্র বিক্রি করা হয়।
মন্ত্রীর উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীদের কেউ কেউ এবং শ্রমিকেরা দৌড়ে পালান। কয়েকজন নদীতে ঝাঁপ দেন। এ সময় মন্ত্রী মুঠোফোনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ওই নির্দেশের এক ঘণ্টা পর সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পুলিশ নিয়ে ট্রলারে করে মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় মায়ের দোয়া-৪ নামের একটি বালুভর্তি বাল্কহেড এবং এর দুই শ্রমিক মোখলেসুর রহমান ও সোলায়মান মিয়াকে, তিনটি বালুভর্তি ট্রাক এবং ট্রাকের চালক বাদল মিয়া ও নাসির উদ্দিনকে আটক করা হয়। ট্রাকগুলো ও বাল্কহেড জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছর আটটি বালুমহাল ইজারা দিতে ছয়বার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে একটির ইজারাদার পাওয়া গেছে। কিন্তু বালু তোলা হচ্ছে আটটি থেকেই। বালু উত্তোলনের সিন্ডিকেটে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাও আছেন।
এ বিষয়ে যোগাযোগমন্ত্রী প্রথম আলোকে বলেন, সরকারি দলের নাম ভাঙিয়ে একশ্রেণির দুষ্টু লোকেরা মেঘনা সেতুর পাশ থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তুলছে। এতে সেতুর তিনটি পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে সেতুটি বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে জাতীয় সম্পদ যারাই ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, মেঘনা সেতু এলাকায় নদীতে কোনো ইজারা দেওয়া হয়নি। এখানে অবৈধভাবে বালু তুলছেন প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।