অবৈধ বালু উত্তোলনে বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধসহ তিনটি গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে।
এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কার্যালয়ে আবেদন করেছেন। কিন্তু তাতে ফল মিলছে না।
এলাকার অনেকে জানান, উপজেলার মোহনগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত যমুনা নদীর প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে বালু উত্তোলনকারীদের একচ্ছত্র আধিপত্য। তবে সবচেয়ে বেশি বালু উত্তোলন করা হচ্ছে কৈতোলা ইউনিয়নের হরিরামপুর, বিজয়গঞ্জ ও বেঙ্গালিয়া থেকে। এসব এলাকায় চার থেকে পাঁচটি খননযন্ত্রের মাধ্যমে অবাধে বালু তোলা হচ্ছে। বালু উত্তোলনকারীদের বেশির ভাগই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী। বালু উত্তোলনের জন্য তাঁদের কোনো ইজারা বা অনুমোদন নেই।
পাউবো ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো আবেদনপত্র থেকে জানা যায়, হরিরামপুর, পেঁচাকোলা, নাকালিয়া, বিজয়গঞ্জ ও বেঙ্গালিয়া গ্রাম ভাঙনকবলিত। গত ২০ বছরে ওই গ্রামগুলোসহ অন্তত ২০টির ১৫ হাজার মানুষ ভাঙনে সর্বস্ব হারিয়েছে। তাদের বেশির ভাগই বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আশ্রয় নিয়েছে। বিগত জোট সরকারের সময়ে ৩২৫ কোটি টাকা ব্যয়ে ওই এলাকাসহ মোহনগঞ্জ থেকে রাকশা পর্যন্ত যমুনা নদীর তীর সংরক্ষণ ও ভাঙন রোধ প্রকল্পের কাজ করা হয়।
সরেজমিনে দেখা যায়, হরিরামপুর, বিজয়গঞ্জ ও বেঙ্গালিয়া গ্রামের পাশে যমুনা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে নৌকায় বালু তোলা হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধ গ্রামগুলোর মধ্য দিয়ে যাওয়ায় বালু উত্তোলনের স্থান বাঁধের ৩০০ থেকে ৪০০ গজ দূরত্বের মধ্যে। উত্তোলন করা বালু হরিরামপুর গ্রামে বাঁধের পাশে এনে রাখার পর সেখান থেকে ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। বাঁধের ওপর দিয়েই ট্রাক যাতায়াত করছে।
নাকালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘কোটি কোটি টাকা ব্যয় করে এই এলাকার ভাঙন ঠেকানো হয়েছে। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে আমাদের এলাকা আবারও ভাঙনের হুমকিতে পড়েছে। ইতিমধ্যেই কয়েকটি স্থানে ভাঙন রোধের জন্য ব্যবহৃত সিসি ব্লক ও জিও ব্যাগ ধসে যেতে শুরু করেছে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও পাউবো ও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
এলাকাবাসীর অভিযোগ, কৈতোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ভোলা মোল্লার ছত্রচ্ছায়ায় বালু উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে ভোলা মোল্লা বলেন, ‘বালু উত্তোলনে আমি কোনোভাবেই জড়িত নই। স্থানীয় কিছু লোক বালু উত্তোলন করলেও তাতে এলাকার কোনো ক্ষতি হচ্ছে না। বরং বেশ কিছু লোকের বেকারত্ব দূর হয়েছে। আসলে একটি স্বার্থান্বেষী মহল বালু উত্তোলনকারীদের কাছ থেকে সুবিধা না পেয়ে এর বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে।’ তবে উত্তোলনকারীদের বৈধ কাগজপত্র নেই বলে তিনি স্বীকার করেন।
পাউবো বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন ওই স্থানটি কৈতোলা নির্মাণ বিভাগের অধীনে। তার পরও বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’
পাউবোর কৈতোলা নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামানের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বালু উত্তোলনসংক্রান্ত অভিযোগপত্রের অনুলিপি পেয়েছি। শিগগিরই এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’