নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের কংক্রিটের ব্লক (সিসি) ধসে পড়ছে। এতে বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, অবৈধভাবে তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে এ ঘটনা ঘটছে।
গত রোববার সকালে উপজেলার পদ্মার তীরবর্তী গৌরীপুর, পালিদহ, নুরুল্লাহপুর, লক্ষ্মীপুর, তিলকপুর ও নবীনগর গ্রাম ঘুরে দেখা গেছে, ওই এলাকাগুলো রক্ষায় নির্মিত বাঁধের ব্লক ধসে পড়ছে। এ অবস্থায় যেকোনো সময় বাঁধটি ভেঙে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। বাঁধটি ভেঙে পড়লে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হবে।
এই ছয় গ্রাম পুরোনো ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তর্গত। ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছয়টি গ্রামের বাসিন্দারা আতঙ্কে আছেন। এই পরিস্থিতির জন্য বালু ব্যবসায়ীদের দায়ী করে তিনি বলেন, শুষ্ক মৌসুমে স্থানীয় কিছু লোকের পাশাপাশি পাশের পাবনা জেলার একজন প্রভাবশালী ব্যক্তির লোকজন বেপরোয়াভাবে পদ্মার তীরসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করেন। এ কারণে বর্ষা এলেই পানির স্রোতে সিসি ব্লকের ধস নামতে শুরু করে।
লক্ষ্মীপুর এলাকায় গিয়ে দেখা গেছে, যন্ত্র দিয়ে বালু তুলে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের কাছে এই এলাকা বালুঘাট হিসেবে পরিচিত। এ ঘাটের সঙ্গে লালপুর-ঈশ্বরদী সড়কের সংযোগ স্থাপনের জন্য বালু ব্যবসায়ীরা একটি রাস্তা নির্মাণ করেছেন। বালুঘাটে প্রভাবশালী ব্যক্তিদের কাউকে দেখা যায়নি। তবে তাঁদের শ্রমিকদের দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, ‘আমরা পেটের দায়ে এখানে বালু তোলার কাজ করি। কিন্তু আমাদের মালিকেরা বিনা মূল্যের বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতায়ে নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করেন না।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক খলিলুর রহমান ওই এলাকা পরিদর্শন করেন। স্থানীয় লোকজন তাঁর কাছে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, তিনি পাউবো প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছেন। এলাকাবাসীকে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘বালু উত্তোলনকারী যাঁরাই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। খুব শিগগির এর বাস্তবায়ন দেখা যাবে।’
পাউবোর পাবনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই এলাকায় কিছু ব্লক ধসের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে। আরও জিও ব্যাগ ফেলা হবে।