অবৈধ বালু উত্তোলনে বাঁধ হুমকিতে
সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে বালু ব্যবসায়ীরা শহর রক্ষা বাঁধ ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে পাল্লা দিয়ে বালু তোলা শুরু করেছেন। এতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের জন্য তৈরি হয়েছে হুমকি।
এলাকাবাসীর অভিযোগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, যমুনা নদীর শহর রক্ষা বাঁধসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকার পাশসহ যমুনা নদীর রতনকান্দি ও গুনারগাতি এলাকা থেকে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও এক শ্রেণির অবৈধ বালু ব্যবসায়ী এসব এলাকা থেকে বালু তোলা শুরু করেছেন। তাঁরা সবাই প্রভাবশালী হওয়ায় কেউ তাঁদের বিরুদ্ধে অভিযোগ দিতে সাহস পর্যন্ত পাচ্ছেন না।
গত মঙ্গলবার শহর রক্ষা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা ঘুরে দেখো গেছে, বিভিন্ন পয়েন্টে মোটা লোহার পাইপ স্থাপন করে বালু তোলা হচ্ছে। বাঁধের ওপর ১০ থেকে ১২ টনের ভারী ট্রাকের সাহায্যে বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এসব ভারী ট্রাক চলাচল করায় বাঁধের স্থায়িত্ব কমে আসছে।
নাম প্রকাশ করার না শর্তে হার্ড পয়েন্টের পাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, হার্ড পয়েন্টে এত ভারী যান চলাচল নিষিদ্ধ থাকলেও বালু ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা অমান্য করে দেদারসে বালু তুলে পরিবহন করছেন। এভাবে অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় ও ভারী ট্রাকে করে তা পরিবহন করায় হার্ড পয়েন্ট ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এভাবে বালু উত্তোলন করায় ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গত সোমবার একই কারণে ফিরোজ ও রুবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাঁধের পাশের এলাকার আবদুল মজিদ, দুলাল শেখ ও রুবেল হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুপক্ষই সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছে।
জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার বলেন, বালু উত্তোলন করায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা শহরটি নতুন করে হুমকির মুখে পড়ছে। বিষয়টি জেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি।
এদিকে অন্যতম বালু ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, যথানিয়মে প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা বালু তুলছেন। তবে ভারী যানবাহনে বালু পরিবহনের কথা তিনি স্বীকার করেছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও ব্রেনজন চাম্বুগং বলেন, এই এলাকা থেকে বালু তোলার কোনো নিয়ম নেই। এর আগে কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু তোলার সঙ্গে জড়িতদের জরিমানা ও দণ্ড দিয়েছেন। এলাকাটি পাউবোর হওয়ায় ওই সংস্থা অভিযোগ না করলে অভিযান চালানো যায় না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, ‘কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া কারা কীভাবে বালু তুলছে, তা-ও সঠিকভাবে জানা নেই।’ তবে খোঁজ নিয়ে তিনি বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।