অবৈধ বালু ব্যবসা, ঝুঁকিতে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালুর কারবারিদের খোঁড়াখুঁড়ির ফলে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে সিলেটের বাদাঘাটের সেতুর সংযোগ সড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন। বিদ্যুতের খুঁটিগুলোও হেলে পড়েছে। সংযোগ সড়কের একাংশে নেমেছে ধস (ইনসেটে) l ছবি: প্রথম আলো
বালুর কারবারিদের খোঁড়াখুঁড়ির ফলে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে সিলেটের বাদাঘাটের সেতুর সংযোগ সড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন। বিদ্যুতের খুঁটিগুলোও হেলে পড়েছে। সংযোগ সড়কের একাংশে নেমেছে ধস (ইনসেটে) l ছবি: প্রথম আলো

মাটির নিচে জালালাবাদ গ্যাসের পাইপলাইন, ওপরে বিদ্যুতের খুঁটি। মাটি কেটে নেওয়া হয়েছে সড়কের ওই অংশ থেকে। তাতে গ্যাসের পাইপ মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে। পড়ো পড়ো অবস্থায় আছে বিদ্যুতের খুঁটিগুলোও। ধসে পড়ার উপক্রম সেতুর সংযোগ সড়কের একাংশ। এ অবস্থা সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার বাদাঘাটের।
সুরমার শাখা নদী চেঙ্গেরখালের সেতুর এপারে নির্মাণাধীন সিলেটের নতুন কেন্দ্রীয় কারাগার এলাকায় পাকা ভবনের অবকাঠামো নির্মাণকে ঘিরে ‘ভিট বালু’র কারবার জমে উঠেছে। এর ফলে একই সঙ্গে ঝুঁকির মুখে চলে গেছে ওই এলাকার গ্যাস-বিদ্যুৎ লাইনসহ সেতুর সংযোগ সড়কও।
অবস্থা এতটাই নাজুক যে এক নজর দেখলে কে করল? সবার আগে মনে এ প্রশ্নটিই জাগে। প্রশ্নের জবাবও মেলে আশপাশে তাকালে। সড়ক লাগোয়া স্থানে একটি সাইনবোর্ড দেখা গেল। তাতে লেখা, ‘এখানে ভিট বালু বিক্রয় করা হয়’। সরাসরি নির্মাণকাজে ব্যবহারের উপযোগী বালুকে ‘ভিট বালু’ বলে ডাকা হয়। গত মঙ্গলবার সেখানে গিয়ে জানা গেছে, সেতুসংলগ্ন এলাকায় ক্ষমতাসীন দলের দাপটে একটি চক্র ভিট বালুর কারবার নিয়ন্ত্রণ করছে। আর এতে সেতুসহ গ্যাস-বিদ্যুতের স্পর্শকাতর স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকটা নির্বিকার থাকায় গ্যাস কিংবা বিদ্যুতের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাদাঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, ‘শাহিন আহমদ গং’ লেখা সাইনবোর্ড বালুর কারবার মূলত সড়ক ও জনপথের জায়গা খোঁড়াখুঁড়ি করেই চলছে। এতে সেতুর সংযোগ সড়কের একাংশে বড় বড় ফাটল ও ধসের মুখে পড়ে। সম্প্রতি বৃষ্টি হওয়ায় সেতুর সংযোগ সড়কের নিচে থাকা জালালাবাদ গ্যাসের পাইপলাইন মাটির নিচ থেকে বের হয়ে পড়ে। বেঁকে গেছে পল্লী বিদ্যুতের লাইনের তিনটি খুঁটিও।
বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে পড়লে পুরো বিদ্যুৎ লাইন ঝুঁকির মুখে পড়বে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ বিতরণ কেন্দ্র-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন। তিনি বলেন, বাদাঘাট সেতুর একদিকে পল্লী বিদ্যুতের সংযোগ লাইনও রয়েছে। একটি খুঁটিও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পল্লী বিদ্যুতের সরবরাহে বড় ঝুঁকি দেখা দেবে। একইভাবে সেতু ঝুঁকিতে আছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম। আর গ্যাস লাইনের ব্যাপারে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (পাইপলাইন কনস্ট্রাকশন) শুয়েব আহমদ। তিনি জানান, মাটির নিচের পাইপলাইন বের হয়ে এলেই বড় ধরনের ঝুঁকি থাকে। পাইপে কোনোভাবে সামান্য ছিদ্র হলেই পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনা ঘটার আশঙ্কাও আছে।
সওজ, বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। তবে এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের আশ্বাস দিলেও বাস্তবে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেন না বালুর কারবারিরা ক্ষমতাসীন দলের দাপটে থাকার কারণে।
‘শাহিন আহমদ গং’ সাইনবোর্ডে শোভা পাওয়া সেই নামের সূত্র ধরে যোগাযোগ করলে শাহিন আহমদ নিজেকে সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সভাপতি পরিচয় দেন। তিনি বলেন, সড়ক লাগোয়া স্থান হলেও এখানে তাঁদের পৈতৃক ১২০ শতক জায়গা রয়েছে। সেখানেই তিনি বালুর কারবার করছেন। এ কারণে সেতুর সংযোগ সড়ক, গ্যাস ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালে শাহিন বলেন, ‘যদি আমার কারণে হয়েই থাকে, তাহলে ক্ষতিপূরণ দেব।’