অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে আজ বুধবার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৫টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

অভিযান চলাকালে অটোরিকশার ব্যাটারির চার্জারসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, সুইচ বোর্ড ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার বাদী হয়ে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে এসব মামলা করেন।
শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ময়মনসিংহের বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীন বিকেলে শ্রীবরদী উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীবরদী পৌর শহরের সাতানী মথুরাদী এলাকার সাইফুল ইসলাম, সাতানী বাজার এলাকার সাইউস তালুকদার ও শ্রীবরদী উত্তর বাজারের মহিজল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ সন্ধ্যায় শ্রীবরদী থানায় পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে তিন চাকার অটোরিকশার ব্যাটারি চার্জের কাজ করছিলেন। খবর পেয়ে বিকেলে শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে অটোরিকশার গ্যারেজ পরিচালনা করার অভিযোগে সাইফুল ইসলাম, সাইউস তালুকদার ও মহিজলকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে আদালতের নির্দেশে বিভিন্ন অটোরিকশার গ্যারেজ থেকে ৫০টি বৈদ্যুতিক চার্জার, সুইচ বোর্ড, বিপুল পরিমাণ তার ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়। এসব ঘটনায় বিদ্যুৎ আইনের বিভিন্ন ধারায় ২০ জনের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের এবং ২৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।