অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নকালে হামলা, প্রকৌশলীসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ সাত কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার গোবিন্দপুর গ্রামে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়া দুটি পরিবার হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যুৎ বিভাগ, স্থানীয় ও কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গোবিন্দপুরের বাবুল মিয়া ও মানিক মিয়া বাড়িতে অবৈধভাবে সংযোগ নিয়ে প্রায় দুই বছর ধরে বিদ্যুৎ ব্যবহার করছেন। দুপুর ১২টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল প্রথমে বাবুলের বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় বাবুল তাদের বাধা দেন। পিডিবির লোকজন তা উপেক্ষা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে প্রতিবেশী মানিকের বাড়িতে যাওয়ার সময় বাবুল ও মানিকের লোকজন লাঠিসোঁটা নিয়ে পিডিবির লোকজনের ওপর হামলা চালান।
ওই হামলায় পিডিবির কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম (৪০), সহকারী আলফু মিয়া (৪৫), মিজান মিয়া (৩৫), নেপাল দাস (২৭), বিল বিতরণকারী রিসুক মিয়া (৪২), জিতু মিয়া (৪০) ও অস্থায়ী মিটার রিডার সালেহ আহমদ (৩৩) আহত হন। স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি ঘটায় আলফু ও রিসুককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা করা হবে।
দুই বছর পর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, বিষয়টি তাঁদের আগে জানা ছিল না।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও বাবুল ও মানিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, তিনি মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানে গেছেন। পিডিবির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোফাজ্জল করিম ইমরান গতকাল প্রথম আলোকে বলেন, আহত রিসুকের মাথায় আঘাত লেগে অনেকখানি ফেটে গেছে। আর আলফুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।