অবৈধ বিলবোর্ড-ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ব্যানার-বিলবোর্ড-ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট নগর। সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ ধরনের অবৈধ বিলবোর্ড ও ফেস্টুন লাগানো হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অপসারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, তালতলা, শিবগঞ্জ, টিলাগড়, হুমায়ুন রশীদ চত্বর, কদমতলী, পাঠানটোলাসহ অন্তত ২০টি এলাকার প্রধান সড়কের বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় অবৈধ ব্যানার-বিলবোর্ড-ফেস্টুন সাঁটানো হয়েছে। এর মধ্যে অবৈধ বিলবোর্ড কম হলেও ব্যানার ও ফেস্টুন বেশি।
প্রধান সড়কগুলোতে সাঁটানো বিলবোর্ড ও ফেস্টুনগুলোর মধ্যে ব্যক্তি উদ্যোগে রাজনৈতিক আদর্শ প্রচারের বিষয়টি সবচেয়ে বেশি দেখা গেছে। এর বাইরে বিভিন্ন বিপণনসামগ্রী, কোচিং সেন্টার ও হারবাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন-সংবলিত ফেস্টুনও পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের আটক নেতা-কর্মীদের মুক্তি চেয়ে বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল দখল করে নানা ধরনের পোস্টার সাঁটানো হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ট্যাক্সেশন অফিসার হেলাল উদ্দিন জানান, নগরে স্থাপিত যাত্রী ছাউনিগুলো কিছু বিজ্ঞাপনী সংস্থা, মুঠোফোন কোম্পানি ও করপোরেট কোম্পানিগুলো নিজেদের অর্থায়নে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে নির্মাণ করেছিল। এসব প্রতিষ্ঠান আবার প্রতিবছরই নির্ধারিত ফি সিটি করপোরেশনে জমা দিচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো উপলক্ষকে কেন্দ্র করে নগরের যত্রতত্র বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনে আত্মপ্রচারণার একটি নগ্ন প্রতিযোগিতা সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে। এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এর চেয়েও বড় কথা, অনেকেই সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে বিদ্যুতের খুঁটি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে এসব করছেন। সিটি কর্তৃপক্ষকে অবশ্যই তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। মেয়রের অনুপস্থিতিতে কাউন্সিলররাও কিন্তু এ দায় কোনোভাবে এড়াতে পারেন না। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অবৈধ বিলবোর্ড-ফেস্টুন অপসারণে কিছুদিন আগে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কয়েক দিনের মধ্যে আবারও অভিযান পরিচালনা করা হবে।