অবৈধ বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের মাঝে অবৈধভাবে নির্মিত বিলবোর্ড অপসারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অপসারণ অভিযানের নেতৃত্ব দেন সম্প্রসারিত চার লেনের সীতাকুণ্ড অংশের ব্যবস্থাপক মাসুদ করিম। এ সময় অপসারিত বিলবোর্ডের যাবতীয় লোহার পাইপ জব্দ করে বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
সওজ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে মহাসড়কের চার লেনের মাঝের ফাঁকা জায়গা দখল করে বিলবোর্ড স্থাপনের হিড়িক পড়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট পর্যন্ত দেড় কিলোমিটারের সড়কের মাথায় অন্তত ১০টি বিলবোর্ডের পিলার স্থাপন করা হয়েছে।
মাসুদ করিম প্রথম আলোকে বলেন, অবৈধ বিলবোর্ড স্থাপনের বিষয়টি জানতে পেরে তিনি গতকাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় পাঁচটি বোর্ড অপসারণ করেন।
বিলবোর্ডগুলো কারা স্থাপন করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের বলে শুনেছেন তিনি। তবে কোন নেতার, তা তিনি জানাতে পারেননি। মালিকানা দাবি করে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগও করেননি।