অবৈধ বিলবোর্ডে উঠছে বিজ্ঞাপন
রাজশাহী সিটি করপোরেশনের সড়ক বিভাজকের ওপর বিলবোর্ড (ইউনিপোল) বসানোর কার্যাদেশ বাতিল করা হয়েছে। সাধারণ সভায় এগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তার দুই মাস পর সেই বোর্ডগুলোতেই এখন বিজ্ঞাপন ওঠানো হয়েছে। অথচ ৯ জুলাই পাঁচ বিজ্ঞাপনী সংস্থাকে সিটি করপোরেশন থেকে চিঠি দেওয়া হয়েছিল।
অপসারণ করার চিঠি দেওয়ার দুই মাস পর ওই বিলবোর্ডগুলোর মাত্র কয়েকটি সরানো হয়েছে। বাকিগুলোতে ইতিমধ্যে বিজ্ঞাপন উঠে গেছে। বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি এই বোর্ডগুলোতে সরকারি উন্নয়নের বিজ্ঞাপনও লাগানো হয়েছে। নগরের সাহেব বাজার এলাকায় পিএন সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি বিলবোর্ডে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিজ্ঞাপন চরানো হয়েছে। অন্যান্য বিলবোর্ডে কয়েকটি মুঠোফোন কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টানানো হয়েছে। বিলবোর্ডগুলো নগরের সাহেব বাজার, আলুপট্টির মোড় হয়ে তালাইমারী ও নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকাজুড়ে রয়েছে।
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম বলেন, বিজ্ঞাপনী সংস্থাগুলো বিলবোর্ড অপসারণ না করায় তাঁরা নিজেরা (সিটি করপোরেশন) এগুলো কেটে অপসারণ করছেন। বিশাল আকারের হওয়ায় কাটার জন্য ক্রেন নিয়ে যেতে হচ্ছে। কর্মচারী লাগছে। অনেক খরচ হচ্ছে। এ জন্য একটু সময় লাগবে। তিনি বলেন, তাঁরা সিটি করপোরেশনের সাধারণ সভায় যখন সিদ্ধান্ত নিয়েছেন, তারপর থেকে এগুলো অবৈধ হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে কেটে ফেলা হবে। ইতিমধ্যে তাঁরা ১০-১১টি কেটে ফেলেছেন। অবৈধ বোর্ডে তাহলে বিজ্ঞাপন লাগানো হচ্ছে কেন—জানতে চাইলে তিনি বলেন, শহরজুড়েই সরকারের উন্নয়নের বিজ্ঞাপন লাগানো হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের রাজস্ব আয় বাড়ানোর জন্য গত বছরের ২ সেপ্টেম্বর অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভায় ৩০টি বিলবোর্ড বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় পাঁচটি বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ায় সংস্থাগুলো গত জুন মাসের শেষের দিকে তড়িঘড়ি করে ২০-২৫টি বিলবোর্ড বসায়। এ সময় বোর্ডগুলোর মেয়াদ আর না বাড়িয়ে সিটি করপোরেশনের সাধারণ সভায় এগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা সেগুলো সরায়নি।