
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বহুতল ভবনটি অপসারণ করা হয়নি। ভূমি কার্যালয়ের নোটিশ অনুযায়ী গত সোমবার ছিল ওই ভবন অপসারণের শেষ দিন।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত দ্বিতীয় দফার নোটিশে ওই ভবন অপসারণের তাগিদ দেওয়া হয়। এদিকে গত বুধবার ওই ভবনে কাজ করতে দেখা গেছে।
আদর্শ সদর উপজেলা ভূমি কার্যালয়ের নথিপত্র ও কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ আগস্ট কান্দিরপাড় সড়কের ওপর এবং এর লাগোয়া সরকারি খাসজমিতে সিটি করপোরেশন মার্কেট নির্মাণের অনুমোদন দেয়। দুই বছর ধরে সেখানে ‘সিটি মার্কেট’ নামে ছয়তলা একটি ভবন নির্মিত হয়। গত ২৩ আগস্ট আদর্শ সদর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে ওই নির্মাণকাজ বন্ধ করে স্থাপনা সরাতে হবে।
১ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ ওই নোটিশের জবাব দেন। এতে তিনি আইনকানুন মেনে মার্কেট করা হচ্ছে বলে উল্লেখ করেন। ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) দ্বিতীয় দফায় নোটিশে সাত দিনের মধ্যে ভবনটি অপসারণে পুনরায় অনুরোধ করেন।
নোটিশে তিনি উল্লেখ করেন, জায়গার মালিকানার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে এবং তার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তফসিলে বর্ণিত জায়গা এসএ এবং বিএস রেকর্ডে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। ওই জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া যায় না কিংবা ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যবহার করতে পারেন না।
শামীম হোসেন বলেন, দুই বছর আগে যখন কাজটি শুরু হয়, তখন তাঁরা জানতেন না ওটা খাসজমি। আগস্ট মাসে খাসজমির তালিকা তৈরি করতে গিয়ে বিষয়টি জানা যায়।