অবৈধ ভিওআইপি সামগ্রী আটক
ভুয়া অনুমোদনের কাগজ দেখিয়ে আমদানি করা ভিওআইপি সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামের এয়ারফ্রেড থেকে এগুলো আটক করা হয়।
আটক করা পণ্যের মধ্যে আছে রাওটার, কানেকটিং সুইচ, মডিউল ও এক্সসেস পয়েন্ট। শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষের দাবি এগুলোর মূল্য আনুমানিক দুই কোটি টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনের কথা বলে এগুলো আমদানি করা হয়েছে। কিন্তু অনুমোদনের যে কাগজ আমদানীকারকেরা দেখিয়েছে তা বিটিআরসির নয়। জাল করে এই অনুমোদনের কাগজ তৈরি করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে গত পয়লা অক্টোবর এগুলো বাংলাদেশে আসে। আমদানীকারক মেট্রোনেট বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এগুলো আমদানী করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলোর বাজার মূল্য দুই কোটি টাকা হলেও আমদানীকারকেরা শুল্ক ফাঁকি দিতে দাম ২৫ লাখ টাকা দেখিয়েছে। তা ছাড়া এই যন্ত্রপাতি দিয়ে কথা বললে বোঝা যায় না কলটি কোথা থেকে এসেছে। তাই এটি রাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুকিরও কারণ।
মহাপরিচালক বলেছেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।