অবৈধ যান জব্দ, বরিশালে সংঘর্ষ
অবৈধ যান জব্দ করায় ছাত্রলীগের সাবেক এক নেতা ও শ্রমিক লীগের এক নেতার সঙ্গে সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার নগরের সিটি করপোরেশন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সিটি করপোরেশনের জব্দ করা ৩৫টি যানবাহন চালকেরা ছিনিয়ে নিয়ে যান।
সকাল সাড়ে ১০টা এবং বেলা সাড়ে ১১টায় দুই দফায় সংঘর্ষের ওই ঘটনা ঘটে। বরিশাল কমার্শিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা ও মহানগর অটোকল্যাণ সংস্থার উপদেষ্টা মাসুদ সিকদার এবং কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শ্রমিক লীগের নেতা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে হামলা চালানো হলে ওই সংঘর্ষ বাধে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মী এবং ইজিবাইকের দুজন শ্রমিক আহত হয়েছেন।
বরিশাল সিটি করপোরেশনের যানবাহন শাখার সহকারী পরিমল রায় বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অবৈধ যানবাহন আটকের অভিযান শুরু হয়। অভিযানে ৩৫টি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। এ সময় মাসুদ সিকদার ও মনিরুজ্জামান সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তাঁরা জোর করে যানবাহন ছিনিয়ে নিতে চান। এ সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ইজিবাইকের চালকেরা যানবাহন ছিনিয়ে নিয়ে চলে যান।
এ ব্যাপারে মাসুদ সিকদার বলেন, সিটি করপোরেশন থেকে টোকেন দেওয়া শতাধিক গাড়ি জব্দ করে করপোরেশন। তা ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও হরতাল-অবরোধে গাড়ি আটক করেছে তারা। এ খবর শুনে তিনি সেখানে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁর ওপর আক্রমণ করে বলে দাবি করেন মাসুদ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, চালকেরা বিষয়টি নিয়ে আলোচনা না করে অবৈধ যানবাহনগুলো জোর করে নিয়ে গেছেন।