পুলিশকে চাঁদা দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে দুই শতাধিক অবৈধ যানবাহন (নছিমন, করিমন ও ভটভটি) চলাচল করছে। ফলে এসব সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১০ মাসে ভটভটি দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছেন।
বালাবাড়ী হাইওয়ে থানা সূত্র জানায়, চলতি বছরের ১০ মাসে উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন শুধু অবৈধ যানবাহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত শনিবার রাতে ভটভটি উল্টে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামের সাদেকুল ইসলামসহ (৩৬) ওই গ্রামের ১০ জন শনিবার রাতে ভটভটিতে করে পাগলাপীর বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভটভটিটি একটি রিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাদেকুল প্রাণ হারান। আহত নয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন বলেন, ‘এসব যানবাহনের রোড পারমিট ও ফিটনেস সার্টিফিকেট নেই। স্থানীয়ভাবে এগুলো ভটভটি, নছিমন ও করিমন নামে পরিচিত। মহাসড়কে এগুলোর চলাচল বন্ধ করতে মোটর শ্রমিক ইউনিয়নের রংপুর জেলার নেতা-কর্মীরা থানার পুলিশকে চিঠি দিয়েছেন। আমিও অনুরোধ করেছি। কিন্তু পুলিশ প্রশাসন এগুলো বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে বিভিন্ন সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তারাগঞ্জ-রংপুর মহাসড়কে চলাচলরত ভটভটির দুজন চালক অভিযোগ করেন, তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশকে মাসে ভটভটিপ্রতি ২০০ টাকা চাঁদা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। চাঁদা না দিলে পুলিশ গাড়ি চালাতে দেয় না।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশের বিরুদ্ধে এসব যানবাহন থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
সরেজমিনে দেখা যায়, নছিমন, করিমন ও ভটভটিগুলো পুরোনো ও ভাঙা। এগুলোর সামনে-পেছনে কোনো সিগন্যাল বাতি বা আলোর ব্যবস্থা নেই। এমনকি ব্রেকও ঠিকমতো নেই। কোনো কোনো যানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মালামাল ও যাত্রী বহন করা হচ্ছে। চালকদেরও কোনো লাইসেন্স নেই। এমনকি কোনো কোনো চালক অপ্রাপ্ত বয়সের।
দুর্ঘটনার সংখ্যা ও আহত লোকের হিসাব পুলিশের খাতায় পাওয়া যায়নি। তবে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলার ১২২ জন লোক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন।
তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে ৮৫টি অবৈধ যানবাহন চলাচল করছে। অভিযোগ রয়েছে, পুলিশকে ম্যানেজ করার নামে এসব যানবাহনের চালকের কাছ থেকে প্রতি মাসে ১৫০ টাকা করে চাঁদা নেন কেল্যাবাড়ী গ্রামের বিমল চন্দ্র।
গতকাল রোববার কেল্যাবাড়ী বাজারের পাশে চার শতক জমির একটি জায়গা দেখিয়ে এই প্রতিনিধিকে বিমল চন্দ্র বলেন, এই জায়গায় ভটভটিগুলো থেমে যাত্রী তোলে। এই জমির মালিককে প্রতিদিন ১০০ টাকা ভাড়া দিতে হয়। এই ভাড়ার জন্য ভটভটিচালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়।
এ ছাড়া তারাগঞ্জ-লালদীঘি, তারাগঞ্জ-কাজীরহাট, তারাগঞ্জ-হাজারীহাট, তারাগঞ্জ-বুড়ীরহাট সড়কেও চাঁদা দিয়ে ৮০-৯০টি অবৈধ যানবাহন চলছে।
তারাগঞ্জ থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, ‘আমি এসব যানবাহন বন্ধের চেষ্টা করছি। পুলিশের নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’