অবৈধ যানের বিশৃঙ্খল চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগেও ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়কে বড় যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করত। কিন্তু অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক নামে পরিচিত) সড়কগুলো দখল করে নেওয়ায় বড় যানবাহন এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
কোনো নিয়মনীতি না মেনে ইজিবাইক শহরের সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী তোলে। এতে যান চলাচলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার। ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী।
ঠাকুরগাঁও ইজিবাইক মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বর্তমানে আড়াই হাজারের বেশি ইজিবাইক চলাচল করে।
ইজিবাইক সরবরাহকারী আজগর আলী জানান, জেলা শহরে তিনিসহ ইজিবাইকের পাঁচজন পরিবেশক রয়েছেন। এসব পরিবেশক প্রতিদিন কমপক্ষে ১০টি ইজিবাইক বিক্রি করছেন। আবার অন্য জেলার পরিবেশকের কাছ থেকে প্রতিদিন ৪০টির বেশি ইজিবাইক কিনে মালিকেরা জেলার সড়কে নামাচ্ছেন।
সরেজমিনে শহরের পুরোনো বাসস্ট্যান্ড, চৌরাস্তা, আর্ট গ্যালারির মোড়, বিসিক শিল্পনগর, ঠাকুরগাঁও সড়ক ঘুরে দেখা গেছে, ইজিবাইকগুলো সড়কের ওপর যত্রতত্র দাঁড়িয়ে আছে। অধিকাংশ ইজিবাইকের চালকেরা সড়কের মাঝে ও মোড়ের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করছেন। ইজিবাইকের জটলার পাশ কাটিয়ে ভারী যানবাহন স্বাচ্ছন্দ্যে যেতে পারছে না। ফলে মাঝেমধ্যেই যানজট লেগে যাচ্ছে।
শহরের হাজিপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম জানান, পরিবেশবান্ধব ও স্বল্প ভাড়ার কারণে যানটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। একাধিক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এর আমদানি শুরু করেছে। কোনো নীতিমালা না থাকায় সাধারণ লোকজনও একের পর এক এসব যান কিনে সড়কে নামাতে শুরু করলে ইজিবাইকের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যায়। রিকশাভ্যানের চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নবিত্তের লোকজন, যাঁদের গাড়ি চালানোর ন্যূনতম ধারণা নেই, তাঁরা ইজিবাইকের চালক। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
পথচারী আবুল কাশেম বলেন, ‘শহরে এত ইজিবাইক দাঁড়িয়ে থাকে যে রাস্তা দিয়ে সহজে চলাচল করা যায় না। সাড়াশব্দ নেই, হঠাৎ পেছন দিক থেকে এসে গায়ের ওপর তুলে দেয়।’ শহরের হলপাড়ার বাসিন্দা ফেরদৌস আরা জানান, ভাড়া কম হওয়ায় যাত্রীদের পছন্দ হলেও শহরে চলাচল করা বেশির ভাগ ইজিবাইকের হর্ন ও হেডলাইট নেই। হেডলাইটের বদলে অনেকেই বিদ্যুৎ-চালিত টর্চ লাগিয়ে নিয়েছেন। ইজিবাইকগুলো অন্ধকারে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
মাইক্রোবাসের চালক ডালিম চন্দ্র জানান, হঠাৎ ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। শহরের মূল রাস্তার ওপর ইজিবাইক দাঁড় করিয়ে রাস্তাকে ব্যস্ত করে তোলা হচ্ছে। ফলে অন্য সব যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
ইজিবাইকচালক আমির হোসেন জানান, তিনি কিছুদিন আগেও কাঠের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসানের পর একটি ইজিবাইক ভাড়া নিয়ে শহরে চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তা জানান, এই যানটি পরীক্ষা করে দেখা গেছে, এটি মোটরগাড়ির নীতিমালায় পড়ে না। নীতিমালায় না পড়ায় ইজিবাইক চলাচলে অনুমতি দেওয়া হয়নি।
শহরের চৌরাস্তায় যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য আবু তাহের বলেন, ‘ইজিবাইকের চালকেরা ট্রাফিক নিয়ম মেনে না চলায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে আমাদের অতিরিক্ত লোক দিয়েও যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।’
ঠাকুরগাঁওয়ের ট্রাফিক সার্জেন্ট মো. ফারুক হোসেন জানান, ইজিবাইকের চালকেরা কথা শোনেন না। রাস্তায় যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলেন ও হঠাৎ দিক পরিবর্তন করেন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটছে ও যানজটের সৃষ্টি হচ্ছে।