চট্টগ্রাম কাস্টমসের দুজন কর্মকর্তা ও একজন সিপাহিকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অবৈধ লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। কাস্টমস সূত্র এ কথা জানিয়েছে।
সাময়িক বরখাস্ত তিনজন হলেন কাস্টমসের সেকশন-৭ (এ)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মনির আহম্মদ, সেকশন-২-এর এআরও উত্তম কুমার এবং সিপাহি মো. নুরুজ্জামাল। এ ছাড়া সেকশন-৪-এর রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আবদুল হাকিম হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান প্রথম আলোকে বলেন, তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজস্ব কর্মকর্তার পাশে ঘটনাগুলো ঘটলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, একটি টেলিভিশনের প্রতিবেদনে অবৈধ লেনদেনের চিত্র প্রচারিত হওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কাস্টম হাউস কর্তৃপক্ষ।