অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অর্থ লেনদেন করার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থেকে বিকাশ এজেন্টসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি টাকা লেনদেনের প্রমাণ পায় সিআইডি। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন নুরুল আলম, মো. হেলাল, জালাল উদ্দিন, নুরুল আলম, ছৈয়দ আলম, মো. আরিফ ও বিকাশ এজেন্ট মো. তৈয়ব।

সিআইডি জানায়, তাঁরা সবাই অবৈধ অর্থ লেনদেনে জড়িত। তৈয়বের কাছ থেকে ২০ লাখ নগদ টাকা ও ১০০টি মুঠোফোনের সিমকার্ড জব্দ করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন সিআইডির ঢাকা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি ঢাকার ফতুল্লা থানায় অবৈধ অর্থ লেনদেনের দুটি মামলা হয়। ওই মামলার সূত্র ধরে সিআইডি অনুসন্ধান শুরু করে। সোমবার রাতেই চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে টেকনাফ হ্নীলার মাদক ব্যবসায়ী ও অবৈধ অর্থ লেনদেনকারী নুরুল হককে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় টেকনাফে। এরপর শুরু হয় অভিযান। তিনি আরও বলেন, সারা দেশ অবৈধ অর্থ লেনদেনে কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। তাঁদের ধরতে সিআইডি টেকনাফ থেকেই অভিযান শুরু করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোল্লা নজরুল ইসলাম বলেন, অবৈধ ব্যবসা ও অর্থ লেনদেনের মাধ্যমে টেকনাফের ২৫ ব্যক্তি কোটিপতি হয়েছেন। পর্যায়ক্রমে তাঁদের গ্রেপ্তার করা হবে। সারা দেশে তাঁদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, সিআইডির এক কর্মকর্তা বাদী হয়ে গ্রেপ্তার ৮ জনসহ ১১ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছেন। এ মামলার তদন্ত করবে সিআইডি।