অবৈধ শাখা ক্যাম্পাস চালাচ্ছে ১২ বিশ্ববিদ্যালয়
শাখা ক্যাম্পাস নিষিদ্ধ হলেও দেশের ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে এসব ক্যাম্পাস পরিচালনা করছে। তবে এগুলোর মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে শাখা ক্যাম্পাস চালাচ্ছে। এগুলোর চারটিতে মালিকানার দ্বন্দ্বে মামলা চলছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশ অমান্য করে শাখা ক্যাম্পাস চালাচ্ছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। আর অনিয়মের কারণে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলেও তারা বিভিন্ন জায়গায় শাখা ক্যাম্পাস পরিচালনা করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি বিতর্কিত এসব বিশ্ববিদ্যালয়ের খসড়া তালিকা চূড়ান্ত করেছে। শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইউজিসির একজন কর্মকর্তা। কিছুদিন আগে বৈধ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছিল ইউজিসি।
জানতে চাইলে ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন ‘আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, তাঁরা যেন ভর্তির সময় বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই করেন।’
দেশে বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর অন্তত ১৫টির বিরুদ্ধে ‘শিক্ষা-বাণিজ্য’ করার অভিযোগ রয়েছে। উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির মৌসুম শুরু হয়েছে। ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভর্তির এই সময়কে সামনে রেখে সবাইকে সতর্ক করার জন্যই বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়গুলোর অবৈধ শাখা ক্যাম্পাসের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
খসড়া তালিকা অনুযায়ী ঢাকার দারুল ইহসান, ইবাইস, প্রাইম ও চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে বোর্ড ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলছে। দারুল ইহসানের ধানমন্ডিতে মূল ক্যাম্পাস হলেও মালিকানা নিয়ে এখন চারটি গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় অননুমোদিত শাখা ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। আদালতের স্থগিতাদেশ নিয়ে এসব অবৈধ ক্যাম্পাস চলছে। দেশব্যাপী অবৈধ ক্যাম্পাসের মাধ্যমে অব্যবস্থাপনা, দুর্নীতি ও নৈরাজ্য বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, তাতে ওই বিশ্ববিদ্যালয়টির সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মামলা থাকায় বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
প্রাইম বিশ্ববিদ্যালয়ে মিরপুরের ক্যাম্পাসটি ইউজিসির অনুমোদিত হলেও মালিকানা দ্বন্দ্বের জেরে মামলা হয়। বর্তমানে আদালতের স্থগিতাদেশ নিয়ে আরেকটি পক্ষ উত্তরায় ক্যাম্পাস পরিচালনা করছে। উত্তরার পক্ষটি আবার ঢাকার ফার্মগেট, মিরপুর, বারিধারা ও ধানমন্ডিতে অনুমতি ছাড়াই ক্যাম্পাস পরিচালনা করছে।
ধানমন্ডির ইবাইস ইউনিভার্সিটির নামে উত্তরা ও মোহাম্মদপুরে আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালিত হচ্ছে।
সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম শহরের এমএম আলী রোড, দামপাড়া, ও আর নিজাম রোড এবং হালিশহরে অনুমতি ছাড়া ক্যাম্পাস চালাচ্ছে। আদালতের স্থগিতাদেশ নিয়ে এগুলো চলছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী শাখা ক্যাম্পাস নিষিদ্ধ থাকলেও ঢাকার বনানীর নর্দান ইউনিভার্সিটি আদালতের রায়ে রাজশাহী ও খুলনায় শাখা (আউটার) ক্যাম্পাস পরিচালনা করছে। এ ছাড়া ঢাকার কারওয়ান বাজার ও মিরপুর রোডের গ্লোব সেন্টারে অনুমতি ছাড়া ক্যাম্পাস চালাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
চট্টগ্রামের চন্দনাইশের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আদালতের রায় নিয়ে চট্টগ্রাম শহরের ও আর নিজাম রোডে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে।
ইউজিসির নির্দেশ অমান্য করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডে, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরা, পান্থপথ, পুরানা পল্টন লেন, মিরপুর-১ নম্বরে মিরপুর রোডের ক্যাপিটাল টাওয়ারে, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উত্তর বাড্ডা, আল রাজি কমপ্লেক্স, দিগন্ত টিভি ভবন, পুরানা পল্টন ও মালিবাগে, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের বহদ্দারহাটে এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া রাজশাহীর কাজলার দেবীসিংপাড়ায় শাখা ক্যাম্পাস পরিচালনা করছে। তবে এশিয়ান ইউনিভার্সিটির একজন কর্মকর্তা বলেন, মতিঝিলের শাখায় তাঁরা ছাত্রভর্তি বন্ধ করে দিয়েছেন।
অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছে। এই বিশ্ববিদ্যালয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ক্যাম্পাস রয়েছে এবং সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজ নিয়েও দ্বন্দ্ব ও বিভক্তির সৃষ্টি হয়েছে। অনুমোদনকালীন ঠিকানায় (৩৫ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী) বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম নেই। বর্তমানে আদালতের রায় অনুযায়ী বারিধারার নদ্দা ক্যাম্পাস বাদে বাকি সব ক্যাম্পাস উচ্ছেদের জন্য ইউজিসি সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে।