এখতিয়ার না থাকলেও কোনো যাচাই-বাছাই ছাড়াই বেসিক ব্যাংকে পদোন্নতি দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগ অবৈধ সুবিধা নিয়েছে।
বেসিক ব্যাংকের মানবসম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে একটি বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে এই অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের নিয়মকানুন, নীতিমালা এড়িয়ে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যাংকটির শীর্ষ কর্তারা অফিসার থেকে শুরু করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে ৫৭ জন কর্মকর্তাকে অযৌক্তিক ও অনৈতিকভাবে পদোন্নতি দিয়েছেন। আর পদোন্নতি পাওয়া ব্যক্তিরা পর্ষদ চেয়ারম্যান শেখ আবদুল হাইকে সন্তুষ্ট করতে ব্যাংকের আইন, নীতি, নির্দেশনা ও নিয়মকানুন ভেঙে সন্দেহজনক ব্যক্তি ও ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ দিতে ভূমিকা রেখেছেন। নিজেদের অবস্থান ব্যবহার করে ঋণগ্রহীতাদের কাছ থেকে নিজেরাও নানাভাবে লাভবান হয়েছেন।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি না দিয়ে যে অনিয়ম হয়েছে, তার জন্য পরিচালনা পর্ষদই দায়ী। কারণ আইনসম্মত, দক্ষ ও কার্যকরভাবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পরিচালনা পর্ষদের হলেও সেটা না করে তারা বিশ্বাস ভঙ্গ করেছে।
মানবসম্পদ বিভাগের কার্যক্রম পর্যালোচনার জন্য গত বছরের শেষ দিকে একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত ব্যাংকটির মানবসম্পদ বিভাগের নথি, পরিচালনা পর্ষদের কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করে নিরীক্ষা প্রতিষ্ঠানটি ব্যাংকের কাছে প্রতিবেদন জমা দেয়।
বেসিক ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ প্রথম আলোকে বলেন, ‘নিরীক্ষা প্রতিবেদনটি বোর্ডের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিবেদনটি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।’
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের ডিএমডি ও মহাব্যবস্থাপক (জিএম) ছাড়া অন্য সব পদের নিয়োগ ও পদোন্নতির এখতিয়ার এমডির। কিন্তু বেসিক ব্যাংকের ২৭৪তম সভায় এ এখতিয়ারও নিয়ে নেয় পরিচালনা পর্ষদ। ‘ব্যাংকের বৃহত্তর স্বার্থে সত্যিকারের যোগ্য কর্মকর্তাদের নিরপেক্ষভাবে পদোন্নতি দিতে পরিচালনা পর্ষদকে ক্ষমতায়িত করা হচ্ছে’ বলে পর্ষদের সিদ্ধান্তে বলা হয়। ওই ক্ষমতাবলে এসব পদোন্নতির সিদ্ধান্ত দিয়েছে পরিচালনা পর্ষদ।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে তিনজনকে ডিঙিয়ে মো. আবদুস সোবহানকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়। ডিএমডি হতে গেলে জিএম পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা এবং ব্যাংকিংয়ে ২৫ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা রয়েছে। অথচ তিনি জিএম পদে কাজ করেছেন মাত্র ১৫ মাস। পদোন্নতির ওই প্রস্তাব মানবসম্পদ বিভাগ থেকে প্রস্তুত করা হয়নি। পদোন্নতি পাওয়ার পর আবদুস সোবহান প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটির প্রধান হিসেবে চেয়ারম্যানের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলেও নিরীক্ষা দলটি প্রমাণ পেয়েছে।
বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সাবেক ডিএমডি এ মুনায়েম খানকে ৩২৯তম বোর্ড সভায় দায়ী করা হয়। মানবসম্পদ বিভাগের দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে নানা অনিয়মের জন্যও তাঁকে অভিযুক্ত করা হয়। মুনায়েম খান বাংলাদেশ ব্যাংকের উপপরিচালকের চাকরি ছেড়ে ২০১০ সালের মে মাসে ডিজিএম হিসেবে বেসিক ব্যাংকে যোগ দেন। চেয়ারম্যানের বিশেষ আনুকূল্যে ১৯ মাসের মাথায় পদোন্নতি পান জিএম হিসেবে। ১৬ মাস পর পদোন্নতি পান ডিএমডি হিসেবে।
জিএম পদে ২ বছর ১১ মাস কাজ করে ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন আবদুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া। ১৮ মাস জিএম হিসেবে দায়িত্ব পালনের পর ডিএমডি হয়েছেন কনক কুমার পুরকায়স্থ। একইভাবে ২০ মাস ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করা মো. সেলিম মিয়াকে পদোন্নতি দেওয়া হয় জিএম পদে। এরপর দুই বছর জিএম হিসেবে কাজ করে ডিএমডি হিসেবে পদোন্নতি পান তিনি। মানবসম্পদ বিভাগের মূল্যায়ন প্রতিবেদন ছাড়াই পরিচালনা পর্ষদের সভাতেই এসব পদোন্নতির সিদ্ধান্ত হয়।
ব্যাংকিং কাজে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রুহুল আলম নামে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে ২০১২ সালে ডিজিএম, চাকরি স্থায়ী হওয়ার আগেই সাত মাসের মাথায় জিএম এবং ১৪ মাসের মাথায় তাঁকে ডিএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির কারণ হিসেবে পরিচালনা পর্ষদের নথিতে উল্লেখ করা হয় যে ‘অতি চমৎকার কর্মনৈপুণ্যের জন্য পদোন্নতি দেওয়া হলো’। মহাব্যবস্থাপক এ এস এম রওশানুল হক দুই বছর পাঁচ মাসের মধ্যে দুটি পদোন্নতি পেয়েছেন।
ঋণ জালিয়াতির ঘটনার সময় শান্তিনগর শাখার প্রধান মোহাম্মদ আলী ব্যাংকটিতে ডিজিএম হিসেবে যোগ দেন ২০১০ সালে। ১৮ মাসের মাথায় পদোন্নতি পান জিএম হিসেবে। গুলশান শাখায় ঋণ জালিয়াতির সময় ওই শাখার প্রধান শিপার আহমেদ এজিএম হিসেবে যোগ দেন ২০১১ সালে। মাত্র সাত মাসের মাথায় ডিজিএম হিসেবে পদোন্নতি পেয়ে গুলশান শাখার দায়িত্ব পান। ২০১৩ সালে কারওয়ান বাজার শাখার সাবেক প্রধান আহমদ হোসেনের গাফিলতিতে ওই শাখার এক গ্রাহক ব্যাংকের প্রধান শাখা থেকে ২৫ লাখ টাকারও বেশি তুলে নেন। মাত্র এক বছর সাত মাস ডিজিএম হিসেবে কাজ করে ২০১২ সালে জিএম হিসেবে পদোন্নতি পেয়েছিলেন তিনি। ওই জালিয়াতির ঘটনায় অভিযুক্ত আরেক জিএম গোলাম ফারুক খান মাত্র ১৬ মাস ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করে জিএম হিসেবে পদোন্নতি পান।
শুধু পদোন্নতি নয়, ব্যাংক বা সরকারের কোনো নিয়োগ নীতিমালা অনুসরণ না করেই ২০১২ ও ২০১৩ সালে বেসিক ব্যাংকে ৭৩১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) বাণিজ্যিক অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।