অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার বাধার মুখে পড়েন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নগরের বিশ্ব কলোনির লেকসিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাঁকা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।
অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি বলেন, সিটি করপোরেশনের জায়গা দখলমুক্ত করতে গেলে সেখানে বসবাসরত লোকজন বাধা দেন এবং পাথর নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে সিটি করপোরেশনের জায়গায় স্থাপন করা ১২টি বসতঘর উচ্ছেদ করা হয়।
পুলিশ জানায়, লেকসিটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। আবাসন প্রকল্পের প্রায় ৬ শতক জায়গায় অবৈধভাবে বস্তি গড়ে তোলা হয়। গতকাল বেলা ১১টার দিকে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে বেলা দেড়টার দিকে প্রায় ৪০ জন লোক সিটি করপোরেশনের লোকজনের ওপর ইট-পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে অবৈধ দখলদারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বাধাদানকারীদের ছত্রভঙ্গ করতে নয়টি রাবার বুলেট ও দশটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়া ব্যক্তিদের সরাতে ১০টি কাঁদানে গ্যাসের শেল ও নয়টি ফাঁকা রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ ঘটনায় কোনো মামলা হয়নি।