অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় হামলা, ইউএনও সহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা চালিয়েছে বেদখলকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
এই হামলায় ইউএনও আশাফুর রহমান ছাড়া আরও তিন সরকারি কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এঁরা হলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালেউদ্দিন, ইউএনওর গাড়ি চালক মো. মমিন ও পিয়ন মো. মোস্তফা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেন, চাপরাশিরহাট এলাকার প্রবাসী হানিফ সুকানী ও তাঁর ভাই নূর আলম ভাসানী কিছুদিন আগে পূর্ববাজার সড়কের পাশে সরকারি খাল ও জেলা পরিষদের জায়গা বেদখল করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। প্রশাসনের তরফ থেকে এ নির্মাণকাজ বন্ধ করতে একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা নির্মাণকাজ অব্যাহত রাখেন। আজ দুপুর বারোটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ দেখতে যাওয়ার পথে ইউএনও ওই নির্মাণকাজ দেখে বন্ধ করতে বলেন। এতে সেখানে উপস্থিত লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
নিরাপত্তার জন্য নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় চাপরাশিরহাট পূর্ববাজারে গত কয়েক মাসে বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ওই মহলের ইন্ধনেই আজ এই হামলা চালানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।