অবৈধ সড়কবাতি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে স্থাপন করা অবৈধ সড়কবাতি খুলে আনার সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লোকজনের কাছ থেকে দুর্বৃত্তরা সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তায় প্রায় দেড় মাস আগে ১৮টি বিদ্যুতের খুঁটিতে সড়কবাতি স্থাপন করা হয়। মিটার ছাড়া সরাসরি বিদ্যুতের সরবরাহ লাইনের সঙ্গে অবৈধভাবে এসব বাতির সংযোগ দেওয়া হয়। ওই রাস্তার পাশের কামারকান্দি গ্রামে মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের বাড়ি।
সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান বলেন, ‘সড়কবাতিগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছিল। তাই সংযোগ বিচ্ছিন্ন করে বাতিগুলো অফিসে নিয়ে আসছিলাম। পথে স্থানীয় কিছু লোক গাড়ি আটকে সেগুলো ছিনিয়ে নেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’