চীনের শেনজেন প্রদেশ হয়ে শত শত অবৈধ অভিবাসী গত বছর হংকংয়ে প্রবেশ করেছে। এর মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানিদের সংখ্যাই বেশি। নৌপথে শেনজেন থেকে এসব অভিবাসী হংকংয়ে ঢুকে পড়ে।
হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টে গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে এসব অধিবাসীকে উদ্ধৃত করে বলা হয়, চীনের মূল ভূখণ্ডে এসে এসব অভিবাসী শেনজেনে আসে প্রথমে। সেখান থেকে মাথাপিছু ১০ হাজার থেকে ১২ হাজার হংকং ডলার দালালদের দিয়ে যন্ত্রচালিত সাম্পানে চড়ে ঢুকে পড়ে হংকংয়ের তাইও এবং ফান লাউতে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন থাকে।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের বড় শহর শেনজেনের অবস্থান হংকংয়ের উত্তর সীমান্ত ঘেঁষে।
হংকংয়ে চীনা বংশোদ্ভূত নয়, এমন অবৈধ অভিবাসীদের আটকের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। হংকং পুলিশের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রথম ছয় মাসে হংকংয়ে গ্রেপ্তার হওয়া এমন অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ২৯১। পরের ছয় মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪৭ জনে।
হংকংয়ে বসবাসকারী কামাল নামের এক বাংলাদেশিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেনজেনকে ধরে হংকংয়ে অবৈধভাবে প্রবেশের প্রবণতা গত দশকে বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ার অধিবাসীদের ভিসা নিয়ে কড়াকড়ি হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়। ২০০৬ সালে বাংলাদেশি নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। কামাল বলেন, ‘এভাবে অবৈধপথে আসা দয়া করে বন্ধ করুন। এই প্রবণতা ভয়ানক।’
বাংলাদেশি অনেকেই এভাবে দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে হংকংয়ে এসে পুলিশের কাছে ধরা পড়ছে বলে জানান তিনি।