অবৈধভাবে চলছে ইটভাটা-করাতকল
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ৩১টি ইটভাটা ও ৫০টি করাতকল।
উপজেলা পরিষদ ও বন বিভাগ সূত্রে জানা যায়, এসব ইটভাটার কোনোটিরই লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এ ছাড়া উপজেলার সব কটি করাতকলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।
বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। অথচ এসব ইটভাটা ও করাতকলের বেশির ভাগই বনাঞ্চলের আশপাশে গড়ে উঠেছে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ইটভাটা আছে ৩৪টি। চরম্বা ইউনিয়নের ১১টি ইটভাটার প্রতিটি বনাঞ্চলের আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে। এ ছাড়া পুটিবিলা, চুনতি, বড়হাতিয়া ইউনিয়নে বেশির ভাগ ইটভাটা অনুমোদন ছাড়া গড়ে তোলা হয়েছে।
চরম্বা এসবিএন ইটভাটার মালিক নাজিম উদ্দিন বলেন, ‘আমরা অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার চেষ্টা চালাচ্ছি।’
লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ইটভাটার অনুমোদন ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়া সম্পাদনের জন্য সময় প্রার্থনা করে আদালতে রিট আবেদন করেছি। যাতে সরকারি নিয়মনীতি মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা যায়।’
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা শহীদুল আলম বলেন, ‘সম্প্রতি এ ব্যাপারে ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলেছি। যেসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
করাতকল: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে প্রায় ৫০টি করাতকল। অভিযোগ আছে, এসব করাতকলের মাধ্যমে অসাধু কাঠ ব্যবসায়ীরা সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার করছেন। এ কারণে লোহাগাড়ার বনাঞ্চল উজাড় হচ্ছে। পাশাপাশি লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য হারাচ্ছে জীববৈচিত্র্য।
লোহাগাড়ায় বনাঞ্চলের দু-তিন কিলোমিটারের মধ্যে বিধিবহির্ভূতভাবে অনেক করাতকল গড়ে উঠেছে।
চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান বলেন, বনাঞ্চল উজাড় হওয়ার কারণে খাদ্যের অভাবে চুনতি অভয়ারণ্যে হাতি ও বানর লোকালয়ে এসে জানমালের ক্ষতি করছে।
চরম্বা নোয়াবাজার এলাকায় অবস্থিত করাতকলের মালিক গুরা মিয়া দাবি করেন, তাঁর করাতকলে স্থানীয় ব্যক্তিদের কাঠ ও বৈধভাবে সংগৃহীত কাঠ চিরানো হয়। তিনি বলেন, লোহাগাড়ার কোনো করাতকলেরই লাইসেন্স নেই।
করাতকল মালিক সমিতির উপদেষ্টা মো. নাছির উদ্দিন বলেন, বনাঞ্চলের নির্দিষ্ট সীমার বাইরে যে করাতকল আছে, সেগুলোর অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে।
লোহাগাড়ার পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শোয়েব খান বলেন, ‘আমরা ইতিমধ্যে বনাঞ্চলের আশপাশের বেশ কিছু করাতকল বন্ধ করেছি।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, লোহাগাড়ার বেশির ভাগ করাতকলের অনুমতি না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।