অবৈধভাবে চলা বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, মা-ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নদীবন্দরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে রাতের বেলায় অবৈধভাবে চলা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে মা ও ছেলে নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎ​পরতা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তাঁর স্ত্রী সেতু বেগম ও তিন বছরের শিশুসন্তান সাফিনকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বন্দর খেয়াঘাট থেকে নৌকাযোগে নারায়ণগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় নদীর উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। চান মিয়া ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্ত্রী ও সন্তান পানিতে তলিয়ে যায়।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ-পুলিশ, সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। এদিকে উত্তেজিত জনতা রাতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বাল্কহেড চলাচল করার অভিযোগে লাঠিসোঁটা নিয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের সাংবাদিকদের বলেন, নৌকাডুবির ঘটনার পর থেকে নদীতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। গতকাল রাত পৌনে ১১টা পর্যন্ত নিখোঁজ মা-ছেলের সন্ধান মেলেনি।
উল্লেখ্য, সম্প্রতি শীতলক্ষ্যা নদীতে নৌ দুর্ঘটনা এড়াতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।