অবৈধভাবে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী হাটে অবৈধভাবে চারটি পাকা দোকানঘর তুলে ছয় লাখ টাকা জামানত নিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের বিরুদ্ধে। এসব দোকান ১০ দিনের মধ্যে সরিয়ে নিয়ে হাটের জায়গা খালি করে দেওয়ার জন্য গত ২৫ মে নোটিশ দিয়েছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আরেফিন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত ওই সব দোকান সরিয়ে নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।

ইজারাদার নুরুল ইসলাম বলেন, শঠিবাড়ী হাট উপজেলার প্রধান হাটবাজার। ৩ একর ৫৩ শতক জমিতে হাটের অবস্থান। এর মধ্যে ১ একর জায়গা বেদখল হয়ে গেছে। গত মৌসুমে হাটটি সাড়ে পাঁচ কোটি টাকায় ইজারা নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ক্রমান্বয়ে হাটের জায়গা দখল করে অবৈধভাবে শতাধিক দোকানঘর তুলে তা বিক্রি করে অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার স্থানীয় চার ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা নিয়ে হাটের ভেতরে অবৈধভাবে চারটি পাকা দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। প্রতিটি দোকানঘরের ভাড়া তিনি নির্ধারণ করে দিয়েছেন দেড় হাজার টাকা। এর আগে হাটের ওই স্থানে বসা ভ্রাম্যমাণ সাতটি দোকান উচ্ছেদ করেন চেয়ারম্যান।

উচ্ছেদ হওয়া খুদে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘হাটের সরকারি জায়গায় ২০ বছর ধরে কাঁচামালের ব্যবসা করি। চেয়ারম্যান ভয় দেখিয়ে আমারটিসহ সাতটি দোকান উচ্ছেদ করে সেই জায়গায় পাকা দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন।’ একই রকম অভিযোগ করেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ী আজগর আলী, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ও মিজান মিয়াও। হরিপুর গ্রামের সাজু মিয়া অভিযোগ করেন, ‘আগামী সাত দিনের মধ্যে একটি দোকানঘর বুঝিয়ে দেওয়ার কথা বলে চেয়ারম্যান সাইদুর রহমান আমার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন।’

সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আরেফিন বলেন, ‘হাটের ভেতরে চারটি পাকা দোকানঘর অবৈধভাবে গড়ে তোলার অভিযোগ পেয়েছি। ২৫ মে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১০ দিনের সময় দিয়ে হাটের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ দিয়েছি। এখনো সরিয়ে নেওয়া না হলে বিধিমোতাবেক তা উচ্ছেদ করা হবে।’

দুর্গাপুর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, ‘ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ বিলের খরচ বহন করার জন্য হাটের ওই জায়গায় দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। পাকা দোকান নির্মাণের খরচ ব্যবসায়ীরা দিয়েছেন। আমি কোনো টাকা নিইনি।’

ইউএনও মামুন-অর-রশীদ বলেন, ‘হাটের সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার বিষয়টি সহকারী কমিশনার আমাকে অবহিত করেছেন। বিধিমোতাবেক এসব দোকানঘর ভেঙে ফেলার প্রস্তুতি চলছে।’