অবৈধভাবে নিবন্ধিত সিমসহ দুই জেলায় পাঁচজন আটক

ময়মনসিংহ ও নাটোরে বায়োমেট্রিক পদ্ধতিতে অবৈধভাবে নিবন্ধিত ২ হাজার ৪০০ মুঠোফোনের সিম উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। এর মধ্যে শুধু ময়মনসিংহে উদ্ধার হয় ২ হাজার ২০০ সিম। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে। আর নাটোরে ২০০ অবৈধ সিমের সঙ্গে দুজনকে আটক করে র্যাব।
গত বুধবার রাতে ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ সিমের পাশাপাশি পাঁচটি অবৈধ ভিওআইপি, একটি বায়োমেট্রিক তথ্য নেওয়ার যন্ত্র উদ্ধার করে। এ সময় আটক ব্যক্তিরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জের হুমায়ুন কবীর, রুহুল আমিন ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকার সুরুজ আলীর বাড়ি থেকে এসব অবৈধ সিমসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমগুলো রবি, এয়ারটেল ও গ্রামীণফোনের। একটি চক্র বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কৌশলে বেশি বেশি আঙুলের ছাপ আদায় করে ওই সব সিম নিবন্ধন করে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে বেশি দামে বিক্রির জন্য সিমগুলো সংরক্ষণ রাখা হয়েছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নামে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক তিনজনের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।
নাটোরে গতকাল বৃহস্পতিবার সিম জালিয়াত চক্রের দুই সদস্যকে ২০০টি সিমসহ আটক করেন র্যাব-৫ এর সদস্যরা। গতকাল দুপুরে শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন নাটোর পৌরসভার মীরপাড়ার ফরহাদ হোসেন ও কানাইখালী এলাকার আবিদ হোসেন।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের টেলিযোগাযোগ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।