অবৈধভাবে পানি বিক্রি, কারাদণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার লাইসেন্স না নিয়ে গভীর নলকূপ স্থাপন ও গণশৌচাগারের পানি বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় মীর হোসেন নামের এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া নগরের আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বকেয়া বিল, অবৈধ সংযোগ ও ​অবৈধভাবে পাম্প ব্যবহারের দায়ে তিনটি সংযোগ বিচ্ছিন্ন ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার নির্বাহী হাকিম হিল্লোল বিশ্বাস। এ সময় ওয়াসার রাজস্ব কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম হিল্লোল বিশ্বাস প্রথম আলোকে বলেন, মো. ইসমাইল নামের এক ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে নগরের স্টেশন রোড এলাকায় একটি গণশৌচাগার ইজারা নেন। ইজারার ৮ নম্বর শর্তই ছিল, তিনি গণশৌচাগারের পানি বাণিজ্যিকভাবে বাইরে বিক্রি করতে পারবেন না। কিন্তু এ শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন ধরে তিনি বাইরে পানি বিক্রি করছিলেন। যে গভীর নলকূপ থেকে গণশৌচাগারটিতে পানি সরবরাহ ও বিক্রি করা হতো, সেটিরও লাইসেন্স নেই। গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি জানান, অভিযানের সময় মো. ইসমাইলকে পাওয়া যায়নি। তবে গণশৌচাগারের ব্যবস্থাপক মীর হোসেনকে পাওয়া যাওয়ায় তাঁকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ইজারার শর্ত ভঙ্গের বিষয়টি ওয়াসার পক্ষ থেকে সিটি করপোরেশনকে জানানো হবে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, স্টেশন রোড ছাড়াও নগরের মাঝিরঘাট, আলকরণ ও লালখানবাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লাখ ৪৩ হাজার টাকা বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দুটি পাম্প দিয়ে পানি উত্তোলনের দায়ে মাঝিরঘাটে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে পানি ব্যবহারের কারণে লালখান বাজার মোড়ের তাওয়াক্কুল হোটেল ও স্টেশন রোডের পূরবী সুইটসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।