অবৈধভাবে পাহাড় কাটার সময় আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদীর লস্করপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ সময় পাহাড় কাটার সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটক শ্রমিকেরা হলেন নুরুল আজিম (২৭) ও আমির হোসেন (৩০)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের ভাষ্য, উত্তর জলদীর লস্করপাড়া এলাকার পাহাড় ও এর পাশের জমির বন্দোবস্ত সূত্রে মালিক হচ্ছেন স্থানীয় বাসিন্দা কবির আহমদ ও সৈয়দ আহমদ। বন্দোবস্তের শর্ত ভঙ্গ করে তাঁরা কয়েক দিন ধরে পাহাড়ের মাটি কেটে বিক্রয় করছিলেন। এভাবে পাহাড়টির অর্ধেক মাটি কেটে ফেলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়। আরও ছয়-সাতজন পালিয়ে গেছেন।
পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি।