অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের ঘাঘট নদে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। সেই বালু পরিবহনের জন্য নদের পানির প্রবাহ বন্ধ করে বাঁধও নির্মাণ করা হয়েছে। গতকাল নগরের ৩২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
রংপুরের ঘাঘট নদে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। সেই বালু পরিবহনের জন্য নদের পানির প্রবাহ বন্ধ করে বাঁধও নির্মাণ করা হয়েছে। গতকাল নগরের ৩২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

রংপুর নগরের তামপাট এলাকায় ঘাঘট নদে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এক ব্যবসায়ী। এলাকাবাসীর অভিযোগ, তিন বছর ধরে বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নগরের ৩২ নম্বর ওয়ার্ডের তামপাট এলাকার মহাসড়ক-সংলগ্ন দমদমা সেতুর প্রায় ৫০০ গজ দূরে ঘাঘট নদের দুই স্থানে বাঁধ দিয়ে আড়াআড়িভাবে ট্রাক চলাচলের জন্য মাটির সড়ক করা হয়েছে। নদের মধ্যে নির্মিত সড়কটির প্রস্থ আনুমানিক ১৫ ফুট। তবে পানিপ্রবাহের জন্য নির্মিত সড়কের মধ্যখানে সামান্য ফাঁকা রাখা হয়েছে।
একটি শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু মহাসড়কের পশ্চিমে নদের দক্ষিণ দিকে ফেলা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে এসব বালু নদের ওপর নির্মিত সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টায় আট ট্রাক বালু নিয়ে যেতে দেখা যায়। এক ট্রাক বালু ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়ে থাকে। প্রতিদিন এ স্থান থেকে গড়ে ৪০-৫০ ট্রাক বালু উত্তোলন করা হয় বলে স্থানীয় মানুষ জানিয়েছেন।
অথচ ২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
বালু উত্তোলনের ফলে ওই এলাকার আশপাশের অনেক কৃষকের আবাদি জমি ভেঙে গেছে। গত দুই বছরে লক্ষ্মণপাড়া গ্রামের কৃষক আবদুর রশিদের প্রায় ৩০ শতাংশ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে তাঁর প্রায় ৮০ শতাংশ আবাদি জমি ভাঙনের মুখে রয়েছে। তিনি বলেন, ‘কত সাংবাদিক আইসে আর যায়, লেখালেখিও হয় কিন্তু বালু তোলা বন্ধ হইল না।’ কৃষক ইহছান আলী বলেন, ‘ওমাক বালু তোলা বন্ধ কইরপার কইলে হামাকে উল্টা কথা শোনা লাগে।’
এলাকাবাসী সূত্র জানায়, বালু উত্তোলনের ব্যবসা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে জানানো হলেও তা বন্ধ হয় না। শুধু ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে কয়েক দিন বন্ধ করা হয়। সুযোগ বুঝে তা আবার চালু করা হয়।
কৃষক রফিকুল ইসলাম, সাদেকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও আলী হোসেন বলেন, নদী থেকে বালু তোলা বন্ধ করে তাঁদের আবাদি জমি রক্ষা করতে হবে।
অবৈধভাবে বালু উত্তোলনকারী আমিনুল ইসলাম বলেন, পলি পড়তে পড়তে নদ ভরাট হয়ে যায়। তাই সেখান থেকে বালু তুলে তিনি ব্যবসা করেন। এখানে কৃষকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার ফাউজুল কবির বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।