অবৈধভাবে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত বরাতি সেতুর কাছে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সেতু, মহাসড়ক ও এর আশপাশের আবাদি জমি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।
সেতুর পাশের বালাপাড়া গ্রামের হবিবার রহমান বলেন, ‘দুই বছর ধরে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের জমি ভাঙতে ভাঙতে মহাসড়কের পাশে এসে ঠেকেছে।’ বড়গোলা গ্রামের আনছার আলী বলেন, ‘এখন দিনে-রাতে ১২ থেকে ১৩ ঘণ্টা বালু তোলা হচ্ছে, নিষেধ করলেও মানা হচ্ছে না।’ ঘনিরামপুর গ্রামের রুহুল আমিন বলেন, সেতু থেকে ১৫০ গজ দূরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্রটি বসানো হলেও পাইপের মাধ্যমে সেতু ও সড়কের ১০০ গজ কাছ থেকে বালু তোলা হচ্ছে।
রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বড়গোলা গ্রামের পাশে যমুনেশ্বরী নদীর ওপর ১৯৭০ সালে ১২০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুর ওপর দিয়ে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুর জেলার মানুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বড়গোলা গ্রামের বালু ব্যবসায়ী আলেফ উদ্দিন ও কাছনা গ্রামের নুরুজ্জামানসহ সাতজন সেতুর ১৫০ গজ দূরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে নদী থেকে দুই বছর ধরে বালু উত্তোলন করছেন। এ জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
বালু উত্তোলন করার কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে ব্যবসায়ী আলেফ উদ্দিন ও নুরুজ্জামান বলেন, নদী থেকে বালু তুলতে অনুমতি লাগবে কেন? তা ছাড়া এভাবে বালু তুললে তেমন ক্ষতির কিছু নেই।
সরেজমিনে দেখা গেছে, যেখান থেকে বালু তোলা হচ্ছে, এর ১৫০ গজ দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে রংপুর-সৈয়দপুর মহাসড়ক। ওই সড়কের বরাতি সেতু নির্মিত হয়েছে যমুনেশ্বরীর ওপর। নদীতে বাঁশের ভেলায় শ্যালো ইঞ্জিন বসিয়ে পাইপের মাধ্যমে সেতুর কাছ থেকে বালু উত্তোলন করে একটি বাঁশঝাড়ে স্তূপ করে রাখা হচ্ছে। সেখান থেকে ট্রলি ও ট্রাকে করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে বালু বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
বরাতি গ্রামের ফরিদ উদ্দিন বলেন, ‘স্থানীয় প্রশাসনের লোকজন এই পথ দিয়ে যাতায়াত করার সময় বালু তোলা দেখেন। তার পরও কোনো ব্যবস্থা নেন না। বালু ব্যবসায়ীরা প্রভাশালী হওয়ায় আমরা বাধা দেওয়ার সাহস পাই না।’
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মাওলা বলেন, ‘এভাবে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’