অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে সেতু ও ২০ গ্রাম
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত নাগর নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নবনির্মিত কুশাবাড়ি সেতু ও প্রায় ২০টি গ্রামসহ কয়েক শ একর আবাদি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয় যুবলীগের এক নেতার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাগর নদের কুশাবাড়ি সেতুসংলগ্ন এলাকা এবং চাঁপাপুরের পালংকুড়ি-বাঘাদহসহ বিভিন্ন এলাকায় শ্যালোযন্ত্র বসিয়ে পাইপ দিয়ে নদ থেকে বালু তোলা হচ্ছে। প্রতিবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত বালু তোলা হয়। বছরের পর বছর বালু উত্তোলন করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে বালু উত্তোলনও বন্ধ হচ্ছে না। কুন্দগ্রাম ইউনিয়ন যুবলীগের নেতা শাহিনের নেতৃত্বে কয়েকজন বালু ব্যবসায়ী বালু তুলছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। প্রতিদিন ২০-২৫ ট্রলিতে বালু তুলে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে যুবলীগের নেতা শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ-উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে থেকে বালু তোলা যাবে না। অথচ কুশাবাড়ি সেতু এলাকার আধা কিলোমিটার থেকে বালু তোলা হচ্ছে।
বালু তোলায় কুশাবাড়ি সেতু হুমকির মুখে পড়েছে। এ ছাড়া উপজেলার কুশাবাড়ি, পালংকুড়ি, মদনঘোষ, হরিণমারা, হাড়ভাঙ্গা, বাগিচাপাড়া, তারতাসহ প্রায় ২০টি গ্রাম এবং এলাকার কয়েক শ একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক আবদুল আজিজ জানান, তাঁরা শুধু টাকার বিনিময়ে বালু তোলার কাজ করে দেন। বালু কেনাবেচা করেন সরকারি দলের নেতারা। তবে তিনি কোনো নেতার নাম বলতে রাজি হননি।
পালংকুড়ি গ্রামের লোকমান আলী বলেন, ‘বছরের পর বছর একটি চক্র এই বালু তোলা ও বিক্রির কাজ করছে। তাদের নাম বললে বিপদ আছে। পুলিশ ও কিছু সাংবাদিক এখানে আসে এবং টাকা নিয়ে চলে যায়।’
নাম প্রকাশ না করার শর্তে কুশাবাড়ি গ্রামের কয়েকজন জানান, সরকারি দলের নেতা শাহিনসহ আরও কয়েকজন বালু তুলে বিক্রি করেন। প্রশাসন সব জানলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, যে এলাকা থেকে বালু তোলা হয়, সেখানে যাওয়া কষ্টসাধ্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে যত দ্রুত সম্ভব তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, উপজেলায় কোনো বালুমহাল নেই। অবৈধভাবে বালু তোলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।