
উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভোলা সদর ও দৌলতখানের বিভিন্ন এলাকায় মেঘনা নদীতে গত বছরের শেষ দিকে ব্যাপকভাবে বালু উত্তোলন শুরু হয়। এ ব্যাপারে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের মো. ফরিদ উদ্দিন গত ১৭ ডিসেম্বর উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সব এলাকায় ছয় মাস বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন।
ফরিদ উদ্দিন তাঁর রিট আবেদনে উল্লেখ করেন, ভোলা সদর ও দৌলতখান উপজেলার গাজীপুর, কালুপুর, মধুপুর, পূর্ব চরইলিশা, কাঁচিয়া, মদনপুর মৌজাসহ শাহবাজপুর চ্যানেলে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। এটা ভোলার ভাঙন ও তীর সংরক্ষণকাজের জন্য হুমকি।
রিট আবেদনে বালু উত্তোলনকাজে সহায়তা করার অভিযোগে ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বরিশাল ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ভোলা ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, বরিশাল ও লক্ষ্মীপুরের পুলিশ সুপার, দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের কমান্ডার, লক্ষ্মীপুর স্টেশন কমান্ডার এবং ভোলা সদর, দৌলতখান ও লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
যোগাযোগ করা হলে ফরিদ উদ্দিন রোববার রাতে প্রথম আলোকে বলেন, যেসব স্থানে বালু উত্তোলন হচ্ছে, তার পাশে কয়েক শ একর আবাদি জমি। তিনি নিজেও জমির মালিক। এভাবে বালু উত্তোলন করলে কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে মানুষ নিঃস্ব হবে। তাই তিনি ওই সব জমির মালিকদের পক্ষে রিট করেছেন।
গত শনি ও রোববার সরেজমিনে দেখা যায়, মেঘনার চাঁদপুর থেকে দৌলতখানের হাজীপুর এলাকা পর্যন্ত এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে গঙ্গাপুর পর্যন্ত কমপক্ষে ১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। এসব ড্রেজারে লস্কর, মাস্টার ও সুকানি ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। বালু বহনের জন্য কয়েকটি মালবাহী জাহাজও দেখা গেছে।
এ সময় রংধনু নামের একটি ড্রেজারের লস্কর খাজা মোহাম্মদ, ব্যবস্থাপক স্বপন ও গজারিয়া নামের ড্রেজারের মাস্টার স্বপন প্রথম আলোকে বলেন, ভোলা ও লক্ষ্মীপুরের ক্ষমতাসীন দলের নেতাদের ভাগ দিয়ে তাঁরা বালু তুলছেন। একটি ড্রেজার দিয়ে প্রতিদিন এক থেকে দেড় লাখ ঘনফুট বালু তোলা যায়। এই বালু বিক্রির টাকার ৫০-৭০ শতাংশ নেতাদের দিতে হয়। তবে তাঁরা এসব নেতার নাম প্রকাশ করতে রাজি হননি।
জানতে চাইলে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধরতে ভ্রাম্যমাণ আদালত ২৯ ডিসেম্বর ও ৩ জানুয়ারি মেঘনায় অভিযান চালান। তখন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মামলাসহ ২৫ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, উচ্চ আদালতে রিট ও রুল জারির কাগজ এখনো তাঁদের হাতে পৌঁছায়নি। তার পরও তাঁরা মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের বলেন, ভোলা ভাঙনকবলিত জেলা। ভাঙন প্রতিরোধ ও তীর সংরক্ষণের জন্য
সরকার কোটি কোটি টাকা খরচ করছে। অথচ নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভোলা এখন হুমকির মুখে। তিনি সবাইকে আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।