অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটে যমুনা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ধুনটে যমুনা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

আবাদি জমি, বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে ফেলে বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে গত সোমবার সকালে দেখা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে আবাদি জমি ও বসতভিটা রক্ষা করতে যমুনা নদীর ভাঙন রোধে ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। এখানকার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এ অবস্থায় ভান্ডারবাড়ি গ্রামের হারুন তালুকদার এক সপ্তাহ ধরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে ড্রেজার মেশিন ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু তুলছেন। এতে করে যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, যমুনা নদীর প্রকল্প এলাকা থেকে বালু তোলায় প্রকল্পের বাঁধ এরই মধ্যে কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্প বাঁধে যদি ভাঙন তৈরি হয়, তবে এলাকার বসতবাড়ি ও আবাদি জমি যমুনায় বিলীন হয়ে যাবে। এতে প্রকল্পে ব্যয় করা কোটি কোটি সরকারি টাকা অপচয় হবে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
ভান্ডারবাড়ি গ্রামের বাঁধে আশ্রয় নেওয়া কাশেম আলী বলেন, ‘আমাইগরে বাড়িঘর নদীর মধ্যে ভাইঙা গেলে কার কী হইব। কয়েকবার ভাঙনে পইড়া এই কোনা বাঁধের ওপর ঘরবাড়ি তুইলা থাকুনছি। এহেনোও ভাঙন ধইরাছে। হেরা নদী থাইকা বালু তুইলা বেইচা বড় লোক হইতোছে। আর আমরা বাড়িঘর হারাইয়া এলাকা ছাইড়া যাইতেছি।’ তিনি আরও বলেন, ‘বালু তোলা বন্ধে আমরা ১০ থেকে ১২ জন মিলা কয়েকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিছি। কিন্তু প্রশাসন হেগরে বিরুদ্ধে কুনু ব্যবস্থা নেয় না।’
ভান্ডারবাড়ি গ্রামের বালু উত্তোলনকারী হারুন তালুকদার অবশ্য দাবি করেন, যমুনা নদীর চর এলাকা থেকে ড্রেজার মেশিন ও বাল্কহেড দিয়ে বালু তোলা হচ্ছে। এতে তীর সংরক্ষণ প্রকল্পের কোনো ক্ষতি হবে না। তিনি আরও বলেন, ‘তা ছাড়া শুধু আমি একা নই, অনেকেই একইভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।’
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহাকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ‘বালু উত্তোলন করা হলে প্রকল্প এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ব্যবসায়ীরা যমুনা নদীর চর এলাকা থেকে বালু তুলছেন। উপজেলা প্রশাসনেরই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে। আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বলেন, ‘যমুনা নদী থেকে কাউকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। গত সপ্তাহে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হয়েছিল। নতুন করে বালু উত্তোলন করা হলে সে বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’