অবৈধভাবে বালু উত্তোলন

বিস্তীর্ণ মাঠে বাঁধাকপির আবাদ। মাঝখানে বিশাল পুকুর। সেই পুকুর থেকে বালু তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে।
এ দৃশ্য যশোর সদর উপজেলার নোঙ্গরপুর এলাকার। সেখানে প্রায় পাঁচ বছর ধরে আইন লঙ্ঘন করে ফসলি জমি থেকে বালু উত্তোলন চলছে।
এলাকার কৃষকেরা বলেন, এভাবে বালু তোলার ফলে যশোর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে নোঙ্গরপুর মাঠের মাঝখানের ২১ বিঘা আয়তনের পুকুরটি প্রায় ১৫০ ফুট গভীর হয়ে গেছে। এতে পুকুরের পাড় ভাঙছে। এ ছাড়া মাঠ দেবে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সেচ দেওয়ার পর খেত দ্রুত শুকিয়ে যাচ্ছে। মাঠের মধ্য দিয়ে ট্রাক চলাচলের কারণে ধুলোয় সবজির ক্ষতি হচ্ছে। তাই ফসলি জমি রক্ষার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ গতকাল মঙ্গলবার বলেন, ‘আইনত ভূগর্ভস্থ বালু তোলার সুযোগ নেই। আমি দ্রুত বিষয়টির খোঁজ নেব। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নোঙ্গরপুর মাঠের মাঝখানের পুকুরের পূর্বপাড়ে ঈদগাহ। এর দক্ষিণ প্রান্তে একটি বড় বটগাছ। দুটি যন্ত্র দিয়ে পুকুর থেকে বালু তোলা হচ্ছে। পাইপের মাধ্যমে তা কিছুটা দূরে গিয়ে পড়ছে। সেখান থেকে এক্সকাভেটর দিয়ে ট্রাকে বালু ওঠানো হচ্ছে।
কয়েকজন কৃষক বলেন, নোঙ্গরপুর মাঠ সবজি চাষের জন্য বিখ্যাত। এখানে সারা বছর পর্যায়ক্রমে বাঁধাকপি, করলা ও আলুর চাষ হয়। মাঠের মধ্যের পুকুরটির নাম ‘বড় পুকুর’। পুকুরের মধ্যে বন্দোবস্ত নেওয়া ৬০ শতক সরকারি খাস জমিও রয়েছে। পাশের কিসমত নওয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সরদার ও তাঁর ভাইয়েরা এ পুকুরের মালিক। ১০ বছর আগে সিরাজুল ইসলাম সরদার পুকুর থেকে মাটি কাটা শুরু করেন। গ্রামবাসী তাতে বাধা দেন। ২০১২ সাল থেকে তিনি আবার পুকুর থেকে বালু তোলার কাজ শুরু করেন। এরপর থেকে বালু তোলা চলছেই। প্রতিদিন শতাধিক ট্রাকে করে বালু নেওয়া হচ্ছে।
নোঙ্গরপুর গ্রামের আমির আলী বিশ্বাস বলেন, ‘মাঠে আমার পাঁচ বিঘা জমি আছে। বালু তোলায় মাঠ ১২ থেকে ১৬ ইঞ্চি দেবে গেছে। আগে খেতে সেচ দিলে সাত-আট দিন পানি থাকত। এখন দুই দিনও থাকে না।’
মোনতাজ আলী বিশ্বাস বলেন, ‘মাঠে আট বিঘায় সবজির চাষ করি। এর ওপর আমার সংসার চলে। ট্রাকের ধুলোয় সবজির ভীষণ ক্ষতি হচ্ছে।’
পুকুরের অন্যতম মালিক সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘আমি মাছচাষি। মূলত মাছ চাষ করার জন্য বালু তুলে পুকুরটি গভীর করছি। এখন আর তেমন বালু উঠছে না। যা উঠছে তার ১২ আনাই মাটি। কৃষকদের মোটেও ক্ষতি করতে চাই না। এ জন্য আগামী এক-দুই মাসের মধ্যে মাটি তোলার কাজ শেষ করে দেব। এরপর পুকুরে মাছ চাষ করব। আমি মাঠে একটি পানি তোলার গভীর সেচযন্ত্র বসিয়ে দেব। আমি ঈদগাহটিও বাঁধাই করে দেব।’ উপজেলা কৃষি কর্মকর্তা এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, ‘ওই মাঠ থেকে বালু তোলার বিষয়টি কেউ জানাননি। তারপরও বিষয়টির খোঁজ নেব। এরপর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কী ব্যবস্থা নেওয়া যায় দেখব।’