অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের মুখে পাঁচ গ্রাম
পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর কয়েকটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে ভাঙনের মুখে পড়েছে উপজেলার অন্তত পাঁচটি গ্রাম।
শুধু তাই নয়, বর্ষার সময় স্রোতে কিছু বালু গিয়ে পড়ছে ফসলি জমির ওপর। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ কারণে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দারা সমাবেশ ও মানববন্ধন করেছেন।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে যমুনা নদীর চরপেঁচাকোলা থেকে চরনাকালিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে শ্যালো ইঞ্জিনচালিত ১০-১৫টি খননযন্ত্রের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে বর্ষার সময় বালু তোলার স্থান থেকে বালু গিয়ে উপজেলার চরপেঁচাকোলা, দক্ষিণ চরপেঁচাকোলা, চরপাইখন্দ, চরনাকালিয়া ও চরসাঁড়াশিয়া গ্রামের ফসলি জমির ওপর পড়ছে। এতে ওই সব ফসলি জমি হয়ে উঠছে চাষের অযোগ্য। প্রতিবছরই ফসলি জমি ক্ষতিগ্রস্ত হলেও এবার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এবার বর্ষার পানি নেমে যাওয়ার পর গ্রামগুলোর এক হাজার বিঘার বেশি ফসলি জমি এভাবে অনাবাদি হয়ে পড়েছে। এ ছাড়া বালু উত্তোলনের ফলে যমুনার স্রোত দিক পাল্টে গ্রামগুলোতে আঘাত করছে। এতে গ্রামগুলোর বাসিন্দারা নদীভাঙনের আতঙ্কে রয়েছে।
এদিকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বৃহস্পতিবার এলাকাবাসী দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শেষে তাঁরা মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক চরসাঁড়াশিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, বালুদস্যুরা যেভাবে বালু উত্তোলন করেছে, তাতে একাধিক গ্রামে ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে। বালু উত্তোলন বন্ধে প্রশাসন উদ্যোগ না নিলে চরবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে।
হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরনাকালিয়া গ্রামের আজিজ মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের ফলে এবার আমার সাত বিঘা আমনের জমি বালু পড়ে নষ্ট হয়েছে। এবার এলাকার অন্তত এক হাজার বিঘা ফসলি জমি অনাবাদি হয়েছে।’
দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, ‘বালু উত্তোলনের কারণে আমরা পথে বসতে চলেছি। এখনই বালু উত্তোলনকারীদের ঠেকানো দরকার।’
এলাকার কয়েকজন জানান, অবৈধ বালু উত্তোলন ঠেকাতে চরবাসী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এ কমিটির পক্ষ থেকে শিগগিরই জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। এ ছাড়া কমিটির পক্ষ থেকে বালু উত্তোলন ঠেকাতে পাহারার ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এ উপজেলায় যমুনা নদী থেকে বালু উত্তোলনে কারোরই বৈধতা নেই। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমরা সব সময়ই তৎপর। বিষয়টি সম্পর্কে আগে কেউ বলেননি। শিগগিরই সরেজমিনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’