অবৈধভাবে বালু তুলছেন যুবলীগ নেতা
সরকারি ইজারা ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদ ও কৃষকদের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এক যুবলীগ নেতা ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার এলাকাবাসী প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ওই অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, তাঁর সহযোগী বাদশা মিয়া, আলেক মিয়া ও মোস্তফা মিয়া ব্রহ্মপুত্র নদের ঈমানেরকান্দি গ্রামের পাশ থেকে খননযন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছেন। সরকারের কাছ থেকে কোনো প্রকার ইজারা বা অনুমতি না নিয়ে তাঁরা ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করছেন। নদ থেকে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী কৃষকদের ফসলি জমি ভেঙে নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা কামরুল ইসলাম বলেন, ‘আমি প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। বালু উত্তোলনে কৃষকদের জমির কোনো ক্ষতি হচ্ছে না।