
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাঘাটা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের এক নেতা ইজারা ছাড়াই এভাবে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পতনউষার ইউনিয়নের কেওলার হাওর এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে লাঘাটা নদীর বুকে বড় শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে পাইপ দিয়ে বালু তুলে পাশের একটি খেলার মাঠে তা জমা করা হচ্ছে। কর্তব্যরত বালুশ্রমিক মজমিল মিয়া বলেন, পতনউষার ইউপির চেয়ারম্যান তৌফিক আহমদ এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশরের (জিল্লুল) নেতৃত্বে গত মঙ্গলবার থেকে বালু তোলা হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এখান থেকে বালু তোলা হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক বালু তুলে সড়কসহ বিভিন্ন ঠিকাদারের উন্নয়নমূলক কাজে সরবরাহ করা হচ্ছে। লাঘাটা নদীতে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। তবে অবৈধ এ বালু উত্তোলনে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমানের সম্মতি রয়েছে।
রফিকুর রহমান কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বালুর অভাবে পতনউষার ইউনিয়নের একটি রাস্তার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছিল। তাই স্থানীয় নেতা আবুল বশরের মাধ্যমে লাঘাটা নদী থেকে বালু তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বালু উত্তোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন যুবলীগের নেতা আবুল বশর। তিনি মুঠোফোনে বলেন, বালু তোলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর ভাবমূর্তি নষ্ট করতে বালুশ্রমিকেরা অহেতুক তাঁর নাম বলেছেন। পতনউষার ইউপির চেয়ারম্যান তৌফিক আহমদ দাবি করেন, তিনি বালু তোলার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তবে পতনউষার উচ্চবিদ্যালয়ের কিছু উন্নয়নকাজের জন্য গ্রামবাসী বালু উত্তোলন করছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, লাঘাটা নদীতে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। তহশিলদারকে (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) পাঠিয়ে তিনি খোঁজ নেবেন।
এ বিষয়ে পতনউষার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইভং হাল প্রথম আলোকে বলেন, ইউএনওর নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পান। তখন তিনি এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চান। তিনি জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যানের পরামর্শে বালু তোলা হচ্ছে।