মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলায় দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। এদিকে ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় গতকাল পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় গোলাপ এন্টারপ্রাইজ ও রিয়াদ-২ নামে দুটি ড্রেজার ও আল-ফারুক নামে একটি বালু বহনকারী বাল্কহেড জব্দ করা হয়।
এদিকে ঢাকার দোহারে অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দুলাল ফকির, ফারুক হোসেন, জামাল হাওলাদার, মো. আলাউদ্দিন ও আশরাফ শিকদার। তাঁদেরকে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল ভোররাতে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে মুকসেদপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু তোলায় পাঁচজনকে আটক করা হয়।
ওসি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল আমিন ওই পাঁচজনকে অর্থদণ্ড দেন।